রাজশাহীতে এবছর জনপ্রতি সর্বনিম্ন ৬০ টাকা হিসেবে ফিতরা নির্ধারণ করা হয়েছে। প্রতিবছরের মতো এবারও রাজশাহী মহানগরীর জামেয়া ইসলামিয়া শাহ মখদুম মাদ্রাসা কর্তৃপক্ষ বৃহস্পতিবার (২২ এপ্রিল) এই ফিতরা নির্ধারণের বিষয়টি জানিয়েছেন। করোনাকালীন সময় হওয়ার কারণে এবার মুঠোফোনের মাধ্যমে মহানগরীর বিভিন্ন মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক, ওলামায়ে কেরাম, সাংবাদিক, মুফতি-মুহাদ্দিসসহ গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে যোগাযোগ করে তাদের মতামত গ্রহনপূর্বক সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ সীদ্ধান্ত দিয়েছেন।
এ তথ্য নিশ্চিত করে রাজশাহীতে ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি নগরীর জামেয়া ইসলামিয়া শাহ মখদুম (রহ.) মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মাওলানা মো. শাহাদত আলী বলেন, বর্তমান বাজারের ১ কেজি ৬৫০ গ্রাম আটার বিপরিতে ৫৯ টাকা ৪০ পয়সা কেজি হিসাবে রাজশাহীবাসীর জন্য জনপ্রতি এবার ৬০ টাকা ফিতরা নির্ধারিত হয়েছে। তবে কিসমিস বা খেঁজুরের দাম ধরেও ফিতরা আদায় করা যাবে। এক্ষেত্রে রাজশাহীর স্থানীয় বাজারে ৩ কেজি ৩শ’ গ্রাম খেঁজুর অথবা সমপরিমাণ কিসমিসের মূল্যে ফিতরা আদায় করতে হবে। এ হিসাবে রাজশাহীর বর্তমান বাজারে কিসমিসের দাম প্রতিকেজি ৪শ’ টাকা হিসাবে জনপ্রতি ১ হাজার ৩শ’ ২০ টাকা ফিতরা আদায় করতে হবে। আর বর্তমান বাজারের খেঁজুর প্রতিকেজি ৩শ’ টাকা হিসাবে ধরে ৯শ’ ৯০ টাকা ফিতরা আদায় করতে হবে।