রাজশাহীর পুঠিয়া-তাহেরপুর নির্মাণাধীন সড়কে ইটবালু ও পাথর সরবরাহকে কেন্দ্র করে ক্ষমতাসিন দলের দু’গ্রুপের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের ৪ জন আহত হয়েছে। থানা পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর থেকে উপজেলা সদর এলাকা জুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা পরিষদের ১নং খাদ্য গুদাম গেইটের সামনে তাহেরপুর সড়কে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদশীরা বলেছে, সকাল ১১টা থেকে তাহেরপুর সড়কের খাদ্যগুদাম গেইটের সামনে আব্দুলা ও তার লোকজন বসে আড্ডা দিচ্ছিলেন। সে সময় ওখানে রাজা ও তার লোকজন উপস্থিত হয়। তারা উভয়ে ক্ষমতাসিন দলের যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী। পরে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে ধাক্কাধাক্কি শুরু হয়। তারপর এক সময়ে সংঘর্ষের রুপ নেয়। এতে উভয় পক্ষের ৪ জন আহত হয়েছে। তবে তৎক্ষনিক আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। এরপর থানার পুলিশ আসলে ঘটনাস্থল থেকে উভয় পক্ষের লোকজন চলে যায়।
জেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব বলেন, নির্মাণাধীন পুঠিয়া-তাহেরপুর সড়কে বালু সরবরাহ নিয়ে দু’পক্ষের মধ্যে কিছুটা বিভেদ দেখা দিয়েছে। তবে বিষয়টি দু’পক্ষকে নিয়ে আপস করা হবে। এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান জিএম হীরা বাচ্চু বলেন, তাহেরপুর সড়ক নির্মাণ কাজের ঠিকাদারকে স্থানীয় ছেলেরা বালু-পাথর সরবরাহ করছে। এ বিষয়টি নিয়ে গত কয়েকদিন ধরে দু’পক্ষের মধ্যে কিছুটা সমস্যা দেখা দিয়েছে। আজ সন্ধ্যার ভেতর উভয়পক্ষকে নিয়ে মিমাংশা করার কথা ছিল। কিন্তু হঠাৎ করে সকালে দু’পক্ষের মধ্যে বিবাদ শুরু হয়েছে বলে আমি শুনেছি। এ বিষয়ে সড়কের নির্মাণ সামগ্রী সরবরাহকারী মো. আব্দুলা ও রাজার মুঠোফোনে যোগাযোগ করা হলে তাদের ফোন বন্ধ পাওয়া যায়।
এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়াদী হোসেন বলেন, দু’গ্রুপের সংঘর্ষের খবর পেয়ে আমরা ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।