নাটোরের বড়াইগ্রামে আকস্মিক অগ্নিকাণ্ডে পাঁচটি বাড়ি পুড়ে গেছে। এ সময়ে আগুনে দগ্ধ হয়ে তিনটি ছাগল মারা যায়। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার চকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১২ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্থদের।
খবর পেয়ে বুধবার দুপুরে জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আবদুল কুদ্দুস এমপি, ইউএনও জাহাঙ্গীর আলম ও বড়াইগ্রাম ইউপি চেয়ারম্যান মমিন আলী ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ প্রত্যেক পরিবারকে নগদ ১০ হাজার টাকা ও দুই বান্ডিল টিন দেয়ার আশ্বাস দেন।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যায় আফসার আলীর বাড়ির রান্না ঘর থেকে আগুনের সুত্রপাত হয়। পরে আগুন দ্রুত আফসারের ছেলে ওয়াসিম, মৃত হোসেন আলীর স্ত্রী শহীদা বেওয়া ও ছেলে আলী হোসেন এবং বাদশার ছেলে শুকুর আলীর বাড়িতে ছড়িয়ে পড়ে। এতে পাঁচটি বাড়িতে থাকা নগদ দুই লাখ টাকা ও প্রায় দেড়শ মণ রসুন ও তিনটি ছাগলসহ অন্যান্য আসবাবপত্র পুড়ে যায়। খবর পেয়ে বনপাড়া ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে এসে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রন আনে।