বড়াইগ্রামে পৃথক দুর্ঘটনায় এক ট্রাক চালকসহ দুজন নিহত হয়েছেন। বুধবার (২১ এপ্রিল) দুপুরে এবং মঙ্গলবার রাতে এসব দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ভ্যান চালক আমিরুল ইসলাম (৩২) ও ট্রাক চালক শাহিন আলম (৩৫)। নিহত আমিরুল উপজেলার গোপালপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে এবং শাহিন নাটোর শহরের উত্তর পটুয়া পাড়ার খলিলুর রহমানের ছেলে।
বনপাড়া হাইওয়ে থানা সুত্রে জানা যায়, বুধবার দুপুরে নাটোর-পাবনা মহাসড়কের শিবপুর বাজারে পাবনা থেকে নাটোরগামী ট্রাক একটি ভ্যানকে চাপা দেয়। এতে ভ্যানচালক আমিরুল ঘটনাস্থলেই মারা যান। এর আগে মঙ্গলবার রাতে বনপাড়া ফায়ার সার্ভিসের সামনে নাটোর থেকে ঢাকাগামী ভুট্টা বোঝাই ট্রাকের (ঢাকা মেট্রো ড ১১-৩১০৪) সাথে বিপরীত দিক থেকে আসা অপর ট্রাকের (ঢাকা মেট্রো ট ২০-৪৭৮১) মুখোমুখি সংঘর্ষে চালক শাহিন ঘটনাস্থলেই নিহত ও আরো তিনজন আহত হন।
বনাপাড়া হাইওয়ে থানার পরিদর্শক খন্দকার শফিকুল ইসলাম বলেন, দুটি ট্রাকই জব্দ করা হয়েছে। এসব ঘটনায় পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।