মার্কিন কোম্পানি জনসন অ্যান্ড জনসনের তৈরি করোনা টিকা নিয়ে ‘রক্ত জমাট বাঁধার’ঘটনার সম্ভাব্য প্রমাণ পেলেও এর মধ্যে ঝুঁকি কম এবং উপকারিতা বেশি বলে জানিয়েছে ইউরোপিয়ান মেডিকেল এজেন্সি। মঙ্গলবার বিবৃতি দিয়ে তারা এসব তথ্য জানায়।
বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রে ৭০ লাখের বেশি মানুষ জনসনের এই টিকা নিয়েছেন। তাদের মাত্র আট জনের দেহে রক্ত জমাট বাঁধার ঘটনা ঘটেছে। যাদের রক্ত জমাট বেঁধেছে তাদের একজন মারা গেছেন।
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি কোভিড টিকা নিয়েও রক্ত জমাট বাঁধার মতো ঘটনা ঘটেছে। এতে করে উদ্বিগ্ন অনেক দেশ টিকাটির ব্যবহার বাতিল করার পর গত মাসে ওই টিকা নিয়েও চলতি মাসের শুরুতে একই ধরনের অবস্থানের কথা জানিয়েছিল ইএমএ।
ইএমএ মঙ্গলবারের বিবৃতিতে জানিয়েছে, ‘রক্ত জমাট বাঁধার উপসর্গকে জনসন টিকার খুব ‘বিরল পার্শ্বপ্রতিক্রিয়ার’তালিকাতেই রাখা উচিত। যুক্তরাষ্ট্রে টিকা নিয়ে তিন সপ্তাহ পর ৬০ বছরের কম বয়সীদের ক্ষেত্রে এটা দেখা গেছে। তাদের বেশির ভাগই ছিলেন নারী।’