রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসের (কোভিড-১৯) উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে হাসপাতালের আইসিইউতে একজন। আর অন্য তিনজন ২২, ২৫ ও ২৯ নম্বর করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল। মৃতদের দেহ থেকে নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে।
এ তথ্য নিশ্চিত করে মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরে রামেক হাসপাতালের মুখপাত্র উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, গত ২৪ ঘন্টায় রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। মৃতদের দাফনকার্য স্বাস্থ্যবিধি মেনে সম্পন্ন করার জন্য স্বজনদের নির্দেশনা দেওয়া হয়েছে।
রামেক হাসপাতালের মুখপাত্র বলেন, এখন পর্যন্ত হাসপাতালে করোনা ওয়ার্ডে মোট ১২৪ জন ভর্তি আছে। এদের মধ্যে করোনা রোগী চিকিৎসা নিচ্ছেন ৬৫ জন ও রোগটির উপসর্গ নিয়ে ভর্তি আছেন ৫৯ জন। হাসপাতালের ১০টি আইসিইউ বেডের মধ্যে ৯টিতেই চিকিৎসা নিচ্ছেন করোনা রোগী।
রাজশাহীর সিভিল সার্জন সূত্রে জানা গেছে, রাজশাহী জেলায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত নতুন ৩০ রোগী শনাক্ত হয়েছেন। ফলে এ পর্যন্ত রাজশাহী জেলায় মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৫৬৭ জনে। আর এখন পর্যন্ত মোট মারা গেছেন ৬৬ আর সুস্থ হয়েছেন ৬ হাজার ২৮৯ জন।