বড়াইগ্রামে পারিবারিক কলহের জের ধরে ইঁদুর মারার বিষাক্ত ট্যাবলেট সেবনে হাফিজা খাতুন (২০) নামে এক গৃহবধু আত্মহত্যা করেছেন। সোমবার উপজেলার আটুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাফিজা আটুয়া গ্রামের হাসান মাসুদের স্ত্রী ও আবদুল হালিমের মেয়ে। তার ছয় মাস বয়সের একটি কন্যাসন্তান রয়েছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী ও শ্বশুর-শ্বাশুড়ি পলাতক রয়েছেন।
স্থানীয় ইউপি সদস্য বাবুল হোসেন জানান, প্রায় দেড় বছর আগে হাফিজা ও হাসান মাসুদ ভালবেসে স্বেচ্ছায় বিয়ে করেন। কিন্তু সংসার জীবনের শুরু থেকেই তার সাথে স্বামী ও শ্বশুর-শ্বাশুড়ির ঝগড়া-বিবাদ লেগে থাকতো। গত রোববার রাতেও তাদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে তাকে মারপিটও করেন তারা। এতে অভিমানে সোমবার সকালে হাফিজা নিজ শোবার ঘরের দরজা বন্ধ করে বিষাক্ত ট্যাবলেট সেবন করেন। এ সময় প্রতিবেশীরা বুঝতে পেরে পাশের ঘর থেকে দেয়াল টপকে তাকে উদ্ধার করেন। পরে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, নিহতের লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।