করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ও রোগটির উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘন্টায় আরো ২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা রোগী হিসাবে শনাক্ত ছিল একজন এবং রোগটির উপসর্গ ছিল অন্যজনের। মৃতদের মধ্যে হাসপাতালের করোনা ওয়ার্ডের ২৯ নম্বর ওয়ার্ডে ছিল একজন এবং অন্যজন ছিল আইসিইউতে। এদিকে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে।
এ তথ্য নিশ্চিত করে রামেক হাসপাতালের মুখপাত্র উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, গত ২৪ ঘন্টায় রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। মৃতদের দাফনকার্য স্বাস্থ্যবিধি মেনে সম্পন্ন করার জন্য স্বজনদের নির্দেশনা দেওয়া হয়েছে।
সোমবার (১৯ এপ্রিল) দুপুরে রাজশাহী সিভিল সার্জন অফিসের উদৃতি দিয়ে তথ্য বিবরণী জানান, গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে আরো ৪৯ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছে। ফলে রাজশাহী জেলায় এ পর্যন্ত মোট ৭৫৩৭ জন প্রাণঘাতি এ রোগে আক্রান্ত হলেন।
প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘন্টায় ৪১ জনসহ এ পর্যন্ত মোট ৬২২৪ জন সুস্থ হয়েছেন। কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে জেলায় এখন পর্যন্ত মোট ৬৫ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ১২৪৮ জন।