করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকারী নির্দেশনায় লকডাউনের পঞ্চম দিনে রোববার বাগমারার বিভিন্ন স্থানে ঢিলেঢালা লকডাউনের চিত্র লক্ষ করা গেছে। এ সময় লোকজনকে মাস্ক ছাড়াই ঘরের বাইরে বের হতে দেখা গেছে। রাস্তায় রাস্তায় মোটরসাইকেল, ভ্যান ও অন্যান্য যানবাহনের অধিকাংশ লোকজনকে মাস্ক ছাড়াই চলাচল করতে দেখা গেছে।
বেলা এগারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত ভবানীগঞ্জ, তাহেরপুর ও মচমইল বাজার ঘুরে দেখা গেছে এখানকার অধিকাংশ দোকান বন্ধ থাকলেও মাঝে মাঝে কিছু দোকান খোলা দেখা গেছে। তবে বিকেল থেকে দোকান খোলা আরম্ভ করে ব্যবসায়ীরা। মচমইল হাটে ছোট পরিসরে গরুর হাট বসে। বাজারের নিত্য পন্যের দোকান ছাড়াও এ সময় খোলা পাওয়া যায় বিভিন্ন কাপড়ের দোকান, কসমেটিক্স, জুতা স্যানডেলের দোকান সহ অন্যান্য দোকানপাট গুলো খোলা পাওয়া গেছে। ভবানীগঞ্জ বাজারের ভবানীগঞ্জ নিউমার্কেটের ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠান খোলা রেখে ব্যবসা করছিল। এ সময় বেলা সাড়ে বারোটার দিকে হটাৎ গুজব ছড়িয়ে পড়ে সেখানে সহকারি কমিশনার (ভুমি) অভিযান চালাতে আসছে। এই গুজবে ব্যবসায়ীদের মাঝে আতংঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীরা তাড়াহুড়া করে তাদের দোকানের সাটারিং দরজা বন্ধ করে নিউমার্কেটের সামনে জড় হয়। এর কিছুক্ষন পর এসি ল্যান্ডের গাড়ী নিউমার্কেটের সামনে দিয়ে উপজেলা পরিষদের দিকে চলে গেলে ব্যবসায়ীরা স্বস্তির নিশ্বাস ফেলে আবার দোকানপাট খোলা শুরু করে। নিউমার্কেটের ব্যবসায়ীরা জানান, আমরা পেটের দায়ে বাধ্য হয়েছি এভাবে দোকানপাট খোলা রাখতে। কারণ কর্মচারীর বেতন দোকান ভাড়া ও বিদ্যুত বিল পরিশোধ করতে আমরা খুবই বেকায়দায় পড়েছি। এখন ব্যবসা টিকিয়ে রাখাটাই মুসকিল হয়ে পড়েছে। উপজেলা সদর ভবানীগঞ্জ ও তাহেরপুর বাজার এলাকায় রাস্তা-ঘাটে পুলিশি অবস্থন লক্ষ্য করা গেছে। ভবানীগঞ্জ এলাকার দেউলা চৌরাস্থায় সকাল থেকেই পুলিশি অবস্থান রয়েছে।
যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদ জানান, সারা দেশের ন্যায় বাগমারাতেও লক ডাউন চলছে। স্বাস্থ্য বিধি না মেনে চলাচলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।