খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) এমপি আক্তারুজ্জামান বাবু জরুরী ভিত্তিতে উপকূলীয় এলাকার মানুষের জীবন মান রক্ষার জন্য ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ সংস্কারে পাউবোর শীর্ষ কর্মকর্তাদের প্রতি নির্দেশনা দিয়েছেন। তিনি শনিবার দিন ভোর পানি উন্নয়ন বোর্ডের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে বিভিন্ন স্থানের নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ ও ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ পরিদর্শন কালে এ নির্দেশনা দেন। পরিদর্শন কালে এমপি বাবু আইলা ও আম্ফানের ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা দিয়ে বলেন, প্রাকৃতিক দুর্যোগ হলে ওয়াপদার বাঁধ ভেঙে কৃষি ফসল, মৎস্য ঘের প্লাবিত হয়ে ব্যাপক অর্থনৈতিক ক্ষতি হয়, মানুষ সহ গবাদিপশুর প্রাণ হানি ঘটে। রাস্তা-ঘাট সহ সম্পদ বিনষ্ট হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপকূলীয় এলাকার মানুষের জীবন ও সম্পদ রক্ষার্থে টেঁকসহি বেড়িবাঁধ নির্মাণে মহাপরিকল্পনা হাতে নিয়েছেন। যা পর্যায় ক্রমে বাস্তবায়ন হচ্ছে। বাঁধ পরিদর্শনের সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পাউবোর প্রধান প্রকৌশলী মোঃ রফিক উল্লাহ জানান, সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের নির্দেশনা অনুযায়ী জরুরী ভিত্তিতে ঝুঁকিপূর্ণ বাঁধ সংস্কার করে জিও ব্যাগ দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, আম্ফান পরবর্তীতে আমার মন্ত্রণালয় সহ কয়রা-পাইকগাছা সংসদ সদস্য ব্যক্তিগত অর্থায়ণে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ বহু স্থানের বাঁধ নির্মাণে সহায়তা করে মানুষের পাঁশে দাঁড়িয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, পাউবো তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল হোসেন, নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম, উপ-বিভাগীয় প্রকৌশলী সুজয় কর্মকার, উপ-সহকারী প্রকৌশলী ফরিদ উদ্দীন এবং মোঃ রাজু হাওলাদার, কয়রার ভাইস চেয়ারম্যান অ্যাড. কমলেশ মন্ডল, সোলাদানা আ.লীগ মনোনীত প্রার্থী আবদুল মান্নান গাজী, প্যানেল চেয়ারম্যান আবদুস সালাম কেরু, আবদুর রাজ্জাক গাজী, স্নেহেন্দু বিকাশ, তৌহিদুজ্জমান স¤্রাট, এম এম আজিজুল হাকিম, মোঃ আকরামুল ইসলাম, তসলিম হোসেন তাজ, পার্থ প্রতীম ও রায়হান পারভেজ রনি প্রমুখ। উল্লেখ্য এমপি বাবু ও পাউবো কর্মকর্তারা নদী ভাঙ্গন কবলিত উপজেলার হাবিবনগর, আগড়ঘাটা, গড়ুইখালীর খুতখালী, গাংরক্ষি, কয়রার পূর্ব হড্ডা, সোলাদানার পাটকেলপোতা, নারিকেলতলা, লস্করের ভড়েঙ্গা, বাইনতলা, মিনহাজ বাজারস্থ ঝুঁকিপূর্ণ স্লুইসগেট পরিদর্শন করেন।