দিনাজপুরের চিরিরবন্দরে করোনাভাইরাস সংক্রমণরোধে লকডাউনে সরকারের দেয়া নির্দেশনা অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গণপরিবহনসহ ৯টি দোকান মালিককে ৮ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা সিদ্দীকা এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইরতিজা হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।
আদালত সূত্রে জানা গেছে, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকারের দেয়া নির্দেশনা নিশ্চিত করতে উপজেলার ঘুঘুরাতলী মোড়ে ও ঘন্টাঘর বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি গণপরিবহনকে ২ হাজার টাকা এবং লকডাউন উপেক্ষা করে দোকান খোলা রাখার অপরাধে ৯টি দোকান মালিককে ৬ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা সিদ্দীকা জানান, চলমান নির্দেশনানুযায়ী ওষুধের দোকান ও কাঁচামালের দোকান (বিকেল ৩টা পর্যন্ত) ব্যতীত সকল ধরনের দোকান বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। লকডাউন চলাকালীন সকলকে সরকারের দেয়া বিধি-নিষেধগুলো মেনে চলার আহবান করা হচ্ছে। নির্দেশ অমান্য করায় তাদের ভ্রাম্যমাণ আদালত এ অর্থদন্ড প্রদান করেছে। এরপরও যদি কেউ বা কোনো প্রতিষ্ঠান আইন অমান্য করে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। রোববার সকাল থেকে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন লকডাউন সফল করতে বিভিন্ন হাট বাজার ও রাস্তায় কঠোর নজরদারি ও তৎপর রয়েছে।