রাজশাহীর চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের বালাদিয়াড় গ্রামের আবদুল আলীম (২৭)। পারিবারিক বিভিন্ন সমস্যা ও দারিদ্রতার কারণে পড়াশুনা করতে পারেননি তিনি। সি.এম.ই.এস প্রজেক্ট থেকে মধু চাষের প্রাথমিক ধারণা লাভ করেন তিনি। অক্লান্ত পরিশ্রমের মাধ্যমেই মৌমাছি দিয়ে মধু সংগ্রহ করে বর্তমানে তিনি স্বাবলম্বী হয়েছেন। ১৪ বছর ধরে মধু সংগ্রহ করে আবদুল আলীম এলাকায় বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন। আবদুল আলীমকে এখন সবাই ‘মধু আলীম নামেই ডাকেন।
২০০৭ সালে মাত্র ৪টি মধুর বাক্স নিয়ে শুরু হয় মধু আলীমের পথচলা। এখন তার খামারে দেড় শতাধিক মধুর বাক্স রয়েছে, যেগুলোর প্রতিটির মূল্য ৭/৮ হাজার টাকা। বছরে ৭/৮ টন করে মধু উৎপাদন করে দেশের বিভিন্ন স্থানে পাঠানোর পাশাপাশি প্রাণ কোম্পানিসহ বিভিন্ন কোম্পানির কাছে মধু সরবারহ করেন তিনি। কম্পানিতে ও দোকানে ছাড়াও অনলাইনের মাধ্যমেও তিনি মধু বিক্রয় করে থাকেন । যার ফলে তার অনলাইন মধুর ব্যবসাও জনপ্রিয় হয়ে উঠেছে।
সরেজমিনে চারঘাট উপজেলা সদর থেকে ১৭ কিলোমিটার দুরে উপজেলার বালাদিয়াড় তার নিজ খামারে গিয়ে কথা হয় আলীম এর সাথে তিনি বলেন, ‘শখের বসেই ২০০৭ সালে ২ হাজার ৬০০ টাকা দিয়ে মাত্র ৪টি মধুর বাক্স কিনে সরিষা ফুলের মধু সংগ্রহ শুরু করি। পরে চাকরির আশা না করে মধুর বাণিজ্যিক চাষ করে আসছি’। ‘বর্তমানে আমার মধু খামারে ৫ জন সহযোগী সারা বছরই মধু উৎপাদন করেন। ২০১৫-১৬ বছরে ২ টন, ২০১৬-২০১৭ বছরে ৩ টন ও ২০১৮-২০১৯ বছরে ৪ টন মধু পেয়েছি। এ বছরও আরও দ্বিগুণ পরিমাণ পাওয়ার আশা করছি’।
আব্দুল আলীম আরও বলেন, দশটি মৌবাক্সোর জন্য সপ্তাহে ৮ কেজি করে খাদ্য দিতে হয় যার মূল্য আসে চারশত টাকা। এভাবে ৫মাস খাদ্য দিতে হয়।
সাফল্যের নাগাল পাওয়া আবদুল আলীম আগামী বছর আরও দুই শতাধিক মৌমাছির বাক্স তৈরি করার পরিকল্পনা করেছেন। মধু চাষ শুরু করে তার ভাগ্যের চাকা অনেকটাই বদলে গেছে। বর্তমানে তিনি অনেকটাই স্বাবলম্বী।
আলীম বলেন, ‘গত বছর খামার থেকে এবং বিভিন্ন জেলা-উপজেলা ও কোম্পানির কাছে ৩০০ টাকা কেজি দরে মধু বিক্রি করেছি। বেশিরভাগ কোম্পানিই স্বল্পমূল্যে মধু কিনে নিয়ে তাতে কেমিক্যাল মিশিয়ে চড়া দামে বিক্রি করে। গাছি মধু সংগ্রহকারীরা মৌচাকে চাপ দিয়ে সংগ্রহ করেন। এতে মধুর গুণাগুণ ৪০ শতাংশ নষ্ট হয়ে যায়। আর আমার খামারে যন্ত্রের সাহায্যে বাতাস দিয়ে সংগ্রহ করি। এতে আমাদের মধুর গুণাগুণ অক্ষুণ্ন থাকে’।
চারঘাট উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন নাহার বলেন, ‘উপজেলার মৌ-খামারি আবদুল আলীম মধুর চাষ করে স্বাবলম্বী হয়েছেন। তার সাফল্য দেখে আরও অনেকেই বাণিজ্যিকভাবে মধু চাষ ও সংগ্রহে আগ্রহী হ”েছন। কৃষি অফিস থেকে মধু চাষে যাবতীয় পরামর্শ প্রদান করা হয়।’