করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ও রোগটির উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘন্টায় আরো ৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা রোগী হিসাবে শনাক্ত ছিল তিনজন এবং রোগটির উপসর্গ ছিল অন্য তিনজনের। মৃতদের মধ্যে হাসপাতালের করোনা ওয়ার্ডের ২৫ ও ৩০ নম্বর ওয়ার্ডে ছিল একজন করে এবং অন্য ৪ জন ছিল ২২ নম্বর ওয়ার্ডে। করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মৃত তিনজনের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে।
এ তথ্য নিশ্চিত করে রামেক হাসপাতালের মুখপাত্র উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস শনিবার দুপুরে বলেন, গত ২৪ ঘন্টায় বিভিন্ন সময়ে রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। মৃতদের দাফনকার্য স্বাস্থ্যবিধি মেনে সম্পন্ন করার জন্য স্বজনদের নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি বলেন, বর্তমানে (শুক্রবার পর্যন্ত) হাসপাতালে করোনায় আক্রান্তসহ রোগটির উপসর্গ নিয়ে মোট ১২৩ জন ভর্তি আছেন। এদের মধ্যে করোনা শনাক্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন ৬১ জন ও উপসর্গ নিয়ে ভর্তি আছেন ৬২ জন। এছাড়াও হাসপাতালের আইসিইউতে চিকিৎসা নিচ্ছেন ৭ জন। আর হাসপাতালটির আইসিইউ ব্যবস্থা রয়েছে ১০টি।
এদিকে শনিবার (১৭ এপ্রিল) দুপুরে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় বিভাগের নওগাঁ ও বগুড়া জেলায় একজন করে আরো দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে এ বিভাগে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরো ১৫০ জন। তবে একই সময়ে করোনা রোগ থেকে মুক্তি লাভ করে বাড়ি ফিরেছেন ৮১ জন। রাজশাহী বিভাগে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছে ২৯ হাজার ৬৮৬ জন। তবে এদের মধ্যে সুস্থ হয়েছেন ২৫ হাজার ৬৫৮ জন। এই বিভাগে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ হাজার ৩৪২ জন।