বিরলে এক ব্যবসায়ীকে রাতের বেলা বাড়ী ফেরার পথে সড়কে আটকিয়ে অর্থ ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। ছিনতাইকারী ওই সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
উপজেলার ১১ নং পলাশবাড়ী ইউপি’র সারাঙ্গাই গ্রামের মৃত মোহাম্মদ আলীর ব্যবসায়ী পুত্র মাজেদুর রহমান অভিযোগে জানান, প্রতিদিনের ন্যায় গত ১৪ এপ্রিল বুধবার রাত সাড়ে ১০ টায় দিনাজপুর শহর থেকে বাড়ী ফেরার পথে পলাশবাড়ী ইউপি’র সারাঙ্গাই খানকা শরীফ নামক স্থানে বাইসাইকেলসহ তাঁকে আটক করে হাসান আলী মিস্ত্রীর ফার্নিচারের দোকানের পিছনে নিয়ে যাওয়া হয়। একই ইউপি’র সারাঙ্গাই গ্রামের মৃত হুসেন আলীর পুত্র শফিকুল, পলাশবাড়ী গ্রামের মিজানুর, সারাঙ্গাই গ্রামের ওয়াহেদ আলীর পুত্র শাহজাহান, বেণীপুর গ্রামের নজরুল ইসলামের পুত্র শাহিন, মৃত সোলেমান এর পুত্র রাজু, সারাঙ্গাই গ্রামের মৃত রইচ উদ্দীনের পুত্র সারোয়ার ও আবদুর রশিদ এবং বেণীপুর গ্রামের আবদুল জব্বার মারপিট করে খুন জখমের ভয়ভীতি দেখিয়ে পকেটে থাকা ৩১ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয়। এ সময় ঘটনাস্থলের পাশের জমিতে সেচ দিতে থাকা মৃত জমিল উদ্দীনের পুত্র ফরাজুল এগিয়ে আসলে তাঁকেও মারপিটে গুরুতর আহত করা হয়। এছাড়াও ব্যবসায়ী মাজেদুর রহমানকে জীবীত ছেড়ে দেয়ার জন্য দেড় লাখ টাকা দাবী করে তাঁকে আটক করে রেখে তাঁর বাড়ীতে গিয়ে ছোট ভাই মশিউর রহমানের নিকট ৪০ হাজার টাকা আদায় করে। শেষে এলাকার এক জনপ্রতিনিধির মুঠোফোনে প্রাপ্ত পরামর্শে এক বন্ধুর স্ত্রীর সাথে মাজেদুর রহমানের অবৈধ সম্পর্ক আছে মর্মে স্বীকারোক্তি দিতে বলে জোড়পূর্বক স্বীকারোক্তি নিয়ে মোবাইল ফোনে রেকর্ড করে এবং সাদা কাগজে স্বাক্ষর গ্রহণ করে মাজেদুর রহমাকে তাড়িয়ে দেয়। এ রিপোর্ট লেখাকালীন মাজেদুর রহমান বাদী হয়ে উল্লেখিতদের বিরুদ্ধে বিরল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছিল।