গতকাল রাতে দিঘলিয়া উপজেলার উত্তর চন্দনীমহলে বিবাদমান দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে ৩০/৩৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে শাহজাহান গাজীর(৫৫) অবস্থা আশংকাজনক।
সংশ্লিষ্ট ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দিঘলিয়ার উত্তর চন্দনীমহলের জিয়াউর রহমানকে হত্যার চেষ্টা ও তার মাছের ঘেরে বিষ প্রয়োগ করে মাছ মারার ব্যাপারে আশরাফ গংদের বিরুদ্ধে দিঘলিয়া থানায় লিখিত অভিযোগ করা নিয়েই এ সংঘর্ষ সংঘটিত হয়।সংঘর্ষে রাস্তার ইট লাঠিসোটা ও অস্ত্র ব্যবহার হয়।
ঘটনার ব্যাপারে মুঠোফোনে জিয়াউর রহমানের সাথে এ প্রতিবেদক যোগাযোগ করলে তিনি জানান,তার মাছের ঘেরে আশরাফ মোল্লা গং তাকে হত্যা চেষ্টা ও মাছের ঘেরে বিষ প্রয়োগের ব্যাপারে দিঘলিয়া থানায় লিখিত অভিযোগ করার কারণে আশরাফ মোল্লার নেতৃত্বে ২০/২৫ জন চিহ্নিত সন্ত্রাসী নিয়ে তাঁর বাড়ি সহ অন্যান্য বাড়িতে চড়াও হয়। এ সময় এলাকার লোকজন চিৎকার শুনে এগিয়ে আসলে তারা তাদের লক্ষ্য করে বৃষ্টির মত ইট -পাটকেল ছুড়ে এবং ৪ রাউন্ড গুলি করে। গুলি ও ইটের আঘাতে শাহজাহান গাজী(৫৫), সাঈদ সরদার(৪৮),তবিবর সরদার(২৬), মুসা গাজী(২২),আব্বাস মোল্লা (২২), বেলায়েত মোল্লা (৩৬), হান্নান মোল্লা (৪৮) সহ ২০/৩০ জন আহত হয়। আহতদের মধ্যে গুলিতে আহত শাহজাহান গাজীর অবস্থা আশংকাজনক। এ ব্যাপারে আশরাফ মোল্লার সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তাকে ফোনে পাওয়া যায়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।