রাজশাহী মহানগরীর উপকণ্ঠ সিটিহাট এলাকার একটি ডোবায় থাকা ড্রামের মধ্যে থেকে অজ্ঞাত এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা শুক্রবার (১৬ এপ্রিল) সকালে এ তরুণীর লাশ উদ্ধার করে।
এরপর থেকে আনুমানিক ২০-২২ বছর বয়সী এই তরুণীর পরিচয় সনাক্তে কাজ শুরু করেছে পুলিশ। আর পরিচয় সনাক্ত হলেই হত্যা রহস্য ঊদঘাটন করাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াকাজ সহজতর হবে। তবে পরিকল্পিতভাবে শ্বাসরোধে হত্যার পর লাশটি ড্রামে ঢুকিয়ে এই ডোবায় এনে ফেলা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। লাশ উদ্ধারের পর থেকে ঘটনার সূত্রপাত বের করতে ইতিমধ্যেই সংশ্লিষ্ট সড়কের প্রবেশ ও বাহির পথে থাকা সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ পর্যালোচনা শুরু হয়েছে।
এ তথ্য নিশ্চিত করে শুক্রবার দুপুর ৩টার দিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস জানান, শুক্রবার সকাল ৯টার দিকে সিটিহাট থেকে প্রায় ৩০০ গজ পশ্চিম দিকে মহানগরীর আমচত্বর-কাশিয়াডাঙ্গা বাইপাস সড়কের পাশের ডোবায় ড্রামের ভেতর থেকে একটি পা দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে শাহমখদুম থানা পুলিশ, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা ঘটনাস্থলে যান। এরপর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে লাশটি উদ্ধার করে সনাক্তের জন্য সেখানেই উন্মুক্ত স্থানে অনেকক্ষণ রাখা হয়। কিন্তু পরিচয় সনাক্ত না হওয়ায় পরে দুপুরের দিকে তরুণীর লাশটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) মর্গে পাঠানো হয়।
এ ঘটনায় অবশ্যই হত্যা মামলা হবে উল্লেখ করে বলেন, ধারণা করা হচ্ছে অন্য কোন এলাকায় শ্বাসরোধে হত্যার পর লাশটি এখানে ফেলে রাখা হয়েছিল। ইতিমধ্যেই আমরা আশপাশের সব থানায় বার্তা পাঠিয়েছি। ওড়না পেচিয়ে হত্যার আলামত পাওয়া গেছে। তবে মরাদেহ পর্যালোচনা করে মনে হচ্ছে মেয়েটি হিন্দু বা উপজাতী সম্প্রদায়ের হতে পারে। তার গলাতেও কাঠের পূতির চিকন মালা ছিল।
ঘটনার অগ্রগতি বিষয়ে মুখপাত্র বলেন, বর্তমান পুলিশ কমিশনার স্যার যোগদানের পর থেকে রাজশাহী মহানগরীতে কেউ কোন ধরণের অপরাধ করে পার পাননি। আশা করছি, এ ঘটনারও রহস্য ঊদঘাটন খুব শিঘ্রই ঘটবে। ফলে এ ঘটনারও অপরাধীরা খুব বেশিক্ষণ পালিয়ে থাকতে পারবেনা।