বাগেরহাটের চিতলমারী উপজেলার বলেশ্বর নদের তীরে ঐতিহ্যবাহী ডাকাতিয়া মেলার মাঠের পাশেই অনাড়ম্বরভাবে পালিত হয়েছে হিন্দু সম্প্রদায়ের হাজার বছরের ঐতিহাসিক নীল পূজা বা নীল ষষ্ঠী। এই পূজা হল বাংলার হিন্দু সমাজের এক লৌকিক উৎসব। যা মূলত শিব-দুর্গার বিবাহ বা শিবের বিয়ে নামে পরিচিত। বাঙালি গৃহিনীরা সন্তানের মঙ্গল কামনায় নীরোগ সুস্থ জীবন কামনা করে নীল ষষ্ঠী ব্রত পালন করেন। সাধারণত চৈত্র সংক্রান্তির চড়ক উৎসবের আগের দিন নীল পূজা অনুষ্ঠিত হয়ে থাকে।
নীল সন্ন্যাসীরা ও শিব-দুর্গার পূজার সময়ে নীলকে সুসজ্জিত করে গীতিবাদ্য সহযোগে বাড়ি বাড়ি ঘোরান এবং ভিক্ষা সংগ্রহ করেন। নীলের গানকে বলা হয় অষ্টক গান। ঐদিন সন্ধ্যাবেলায় সন্তানবতী হিন্দু রমণীরা সন্তানের কল্যাণার্থে প্রদীপ জ¦ালিয়ে শিবপূজা করে সারাদিনের উপবাস ভঙ্গ করেন। নীলপূজা বাংলাদেশের বিভিন্ন হিন্দু অধ্যুষিত এলাকায় অনুষ্ঠিত হয়। এ উৎসবের একটি অংশ হিসাবে বাসন্তী পুজোর দশমীর ভোরে শিবের বিয়ে অনুষ্ঠিত হয়।
এর ধারাবাহিকতায় যুগযুগধরে বাগেরহাটের চিতলমারীর ঐতিহাসিক ডাকাতিয়া মেলার মাঠে এদিবসটিকে ঘিরে হাজারো নর-নারীর ভীড়ে বলেশ্বরনদের পাশে মানুষের ঢল নামলেও এবছর করোনার মহামারীতে সে উৎসব ম্লান হয়ে যায়। তাই স্বল্পপরিসরে উৎসবটি পালন করেছেন ভক্তবৃন্দরা।