শেরপুরের ঝিনাইগাতীর রাঙ্গামাটিয়া গ্রামের বামনতলী খালের উপর ঝুঁকিপূর্ণ সেতুটি পাঁচ বছরেও সংস্কার হয়নি। ফলে উপজেলার ছয়টি গ্রামের মানুষের চলাচলে আগের মতোই দুর্ভোগ পোহাতে হচ্ছে। সেতুটি পুনর্র্নিমাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৯৩-৯৪ সালের দিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ঝিনাইগাতীর মালিঝিকান্দা ইউনিয়নের রাঙ্গামাটিয়া নতুন বাজার-তিনানী বাজার সড়কের সাবেক ইউপি চেয়ারম্যান বাদিরের বাড়ির পূর্বপাশে বামনতলী খালের ওপর প্রায় ২০ ফুট দীর্ঘ একটি সেতু নির্মাণ করা হয়। সেতুটির নির্মাণ দীর্ঘদিন হওয়ায় প্রায় পাঁচ বছর ধরে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে রয়েছে।
রাঙ্গামাটিয়া গ্রামে গিয়ে দেখা যায়, বামনতলী খালের ওপর নির্মিত সেতুটির সব অবকাঠামো জরাজীর্ণ হয়ে গেছে। সেতুর দুই প্রান্তের সংযোগ সড়কের মাটি ধসে গেছে। একজন পথচারী জীবনের ঝুঁকি নিয়ে সাইকেল কাঁধে নিয়ে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ সেতুর ওপর দিয়ে যাতায়াত করছে।
রাঙ্গামাটিয়া গ্রামের কৃষক লাভলু মিয়া বলেন, প্রায় পাঁচ বছর ধরে ঝুঁকিপূর্ণ এ সেতুটি সংস্কারহীন অবস্থায় পড়ে রয়েছে। তাদের উৎপাদিত ফসল ও কৃষিপণ্য বাজারজাত করার জন্য খালটি পার হওয়া ছাড়া বিকল্প ব্যবস্থা নেই।
রাঙ্গামাটিয়া সরাকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল কাদির বলেন, সেতুটি জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে থাকায় বিশেষ করে বর্ষা মৌসুমে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের চলাচলে বিঘœ ঘটে।
মালিঝিকান্দা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বাদির বলেন, এলাকাবাসীর দুর্ভোগ নিরসনে দ্রুত সময়ের মধ্যেই সেতুটির পুনর্র্নিমানের দাবি জানাই।
ঝিনাইগাতী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল মান্নান বলেন, এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনী ব্যবস্থা করা হবে।
ঝিনাইগাতী উপজেলা প্রকৌশলী মোজাম্মেল হক বলেন, এলাকাবাসীর দুর্ভোগ নিরসনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ওই খালের সেতুটি পুননির্মাণের প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে।