রংপুরের পীরগঞ্জ উপজেলা সদরের বাজারে প্রতি কেজি সবজিতে প্রায় ২০ টাকা বেড়েছে। গতকাল বৃহষ্পতিবার ২৪ ঘন্টার ব্যবধানে লকডাউনের ২য় দিনে সবজির চড়া দাম হওয়ায় ক্রেতাদের নাভিশ্বাস উঠেছে। উপজেলা বাজার মনিটরিং কমিটি নিষ্ক্রিয় থাকায় ব্যবসায়ীরা চড়া দামে সবজি বিক্রি করছেন বলে অভিযোগ করছেন ক্রেতারা। সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে,উপজেলার বিখ্যাত সবজির হাট খালাশপীর সপ্তাহের সোম ও শুক্র, চতরাহাট মঙ্গল ও শুক্র, মাদারগঞ্জ বুধ ও শনি, বড়দরগাহ শনি ও বুধ, ধাপেরহাট সোম ও বৃহষ্পতি এবং বালুয়াহাট রোববার ও বুধবারে হাট বসে। এসব হাটে উপজেলার ৩’শ ৩১টি গ্রাম ছাড়াও আশপাশ উপজেলার হাজারো কৃষক তাদের উৎপাদিত কাঁচামাল ও সবজি বিক্রি করে থাকেন। এছাড়াও উপজেলার বিভিন্ন স্থানেও সবজি পাইকারী দরে বিক্রি করা হয়। উল্লিখিত হাটগুলোতে বিভিন্ন জেলা থেকে অসংখ্য কাঁচামাল ব্যবসায়ী পাইকারী দরে সবজি কিনে নিয়ে যান। কিন্তু লকডাউন চলমান থাকায় কাঁচামাল ব্যবসায়ীরা না আসায় কৃষকরা তাদের সবজি বেশি মুল্যে বিক্রি করতে পারছেন না বলে কৃষকরা অভিযোগ করছেন। গতকাল বৃহষ্পতিবার ধাপেরহাটে প্রতি মন বেগুন ১৬’শ টাকা (কেজি ৪০ টাকা), পটল ১৮’শত টাকা (কেজি ৪৫ টাকা), করলা ও গাজর ৯’শ টাকায় কেনাবেচা হয়েছে। অপরদিকে মাত্র ৭ কি.মি দুরের ধাপেরহাট থেকে কাঁচামাল ব্যবসায়ীরা ওইসব সবজি কিনে এনে পীরগঞ্জ বাজারে প্রতি কেজি পটল, বেগুন ও সজিনা ৬০ টাকা, করলা ও গাজর- ৪০ টাকা, আলু- ৩০ টাকা, মরিচ ও পেঁয়াজ ৪০ টাকা, প্রতি হালি কাঁচকলা ও লেবু ৩৫-৪০ টাকায় বিক্রি করছেন। উপজেলা সদর থেকে হাটগুলো সর্বোচ্চ ১০ কি.মি দুরে অবস্থিত। আর ওই দুরুত্বের ব্যবধানেই কেজি প্রতি ১৫/২০ টাকা বেশিতে খুচরা বাজারে সবজি বিক্রি করছেন খুচরা বিক্রেতারা। এ ব্যাপারে পীরগঞ্জ বাজারের একাধিক সবজী বিক্রেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, গত কয়েকদিন আগে শিলাবৃষ্টিতে কাঁচামালের ব্যাপক ক্ষতি হওয়ায় সবজির দাম প্রতি কেজিতে ১৫ থেকে ২০ টাকা বেড়েছে। আমরা বিক্রি করতেও লজ্জা পাচ্ছি। কারণ গতকালই (বুধবার) বেগুন, পটল, গাজরসহ অন্যান্য সবজি প্রতি কেজি ১৫/২০ টাকা কমে বিক্রি করেছি। উপজেলার ধুলগাড়ী গ্রামের কৃষক শাহনুর, বাহাদুরপুরের আবদুল মান্নান, রামনাথপুরের হাসান আলী জানায়, হাটে বাগুন-পোটেলের দামেই নাই। আর বাজারোত খুব বেশি দামে বেচা হয়। এটা ব্যবসায়ীদের কারসাজি। গতকাল বৃহষ্পতিবার পীরগঞ্জ বাজারে আসা ক্রেতা ধনশালার রবিউল মিয়া, আবদুল হালিম, নিয়ামতপুরের মমতাজ উদ্দিন বলেন, হঠাৎ করি তরকারির (সবজি) দাম বাড়ি গেল ক্যা। হামার এটিই তরকারির আবাদ (চাষ) হয়। আর এটিই দাম বেশি ! এ যেন আড়তেই ঘি-মঙ্গার মত অবস্থা। তারা আরও জানায়, রংপুর-ঢাকার চেয়েও পীরগঞ্জের বাজারোত তরকারির দাম বেশি! এটার কোন ব্যবস্থা হয় না? উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আলাউদ্দিন ভুঞা জনী বলেন, বাজার মনিটরিং কমিটির আহ্বায়ক ইউএনও স্যার। আমি তার সাথে বিষয়টি নিয়ে কথা বলবো। ইউএনও বিরোদা রানী রায় সবজীর বাজার চড়া শুনে যেন আকাশ থেকে পড়লেন। বললেন “ কেজিতে ১৫/২০ টাকা বেড়েছে ? বলেন কি ? আমি এখনই এ্যাসিল্যান্ডকে পীরগঞ্জ বাজারটি মনিটরিং করার জন্য পাঠাচ্ছি।