জেলার অন্যতম বৃহৎ ব্যবসা কেন্দ্র নাটোরের বড়াইগ্রাম পৌরসভার মৌখাড়া বাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সৃষ্ট অগ্নিকা-ে তেল-গ্যাস সিলিন্ডারের দুটি ডিপো ও একটি ওয়ার্কশপ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় দুই কোটি টাকার সম্পদ ভস্মিভূত হয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় সন্ধ্যার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভানোর সময় ফায়ার সার্ভিসের দুজন কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।
খবর পেয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আবদুল কুদ্দুস এমপি, ইউএনও জাহাঙ্গীর আলম, মেয়র মাজেদুল বারী নয়ন ও অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল আলম ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কুদ্দুস মিয়াজী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকালে আকস্মিকভাবে মৌখাড়া বাজারের জয়নাল আবেদীনের তেল ও সিলিন্ডার ডিপো সুজন এন্টারপ্রাইজে আগুন লাগে। পরে দ্রুত তা পাশের আল মামুনের তেলের ডিপো মামুন এন্টার প্রাইজ ও শাহ মখদুম এন্টারপ্রাইজ নামের অপর একটি ওয়ার্কশপে ছড়িয়ে পড়ে। এ সময় একের পর এক গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হওয়ায় দ্রুত আগুনের তীব্রতা বাড়তে থাকে। এছাড়াও ডিপো দুটিতে কয়েকশ’ গ্যাস সিলিন্ডার ছাড়াও বিপুল পরিমাণ পেট্রোল, ডিজেল ও কেরোসিন থাকায় আগুন নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না। পরে খবর পেয়ে নাটোর, বনপাড়া ও গুরুদাসপুর থেকে ফায়ার সার্ভিসের তিনটি টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই প্রায় তিনশ’ গ্যাস সিলিন্ডারসহ কয়েক হাজার লিটার বিভিন্ন রকমের তেল পুড়ে গেছে।
বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আকরামুল হাসান জানান, দাহ্য পদার্থের কারণে আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। তবে ফায়ার সার্ভিস টিমের কর্মতৎপরতায় সন্ধ্যার মধ্যে আগুন নেভাতে সক্ষম হয়েছি, যার কারণে আগুন পাশর্^বর্তী ভবনগুলোতে ছড়িয়ে পড়তে পারেনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে একটি তদন্ত কমিটি গঠন করাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।