করোনাভাইরাসের সংক্রমণ রোধে বুধবার (১৪ এপ্রিল) ভোর ৬টা থেকে শুরু হয়েছে আট দিনের সর্বাত্নক লকডাউন। সকাল থেকে শেরপুরে চলছে না কোনো গণপরিবহন। সড়কে মানুষের চলাচলও তেমন নেই।
সরেজমিন ঘুরে দেখা গেছে ,সব মিলিয়ে শেরপুরে কড়াকড়ির মধ্যদিয়ে লকডাউন পালিত হচ্ছে। শহরের মোড়ে মোড়ে বসানো হয়েছে পুলিশের মোবাইল চেকপোস্ট। অপ্রয়োজনে রাস্তায় আসা লোকজনদের ফিরিয়ে দিচ্ছে পুলিশ। জেলা শহরের ৯টি স্থানে বসানো এই চেকপোস্টে লকডাউন বাস্তবায়নে কাজ করছে জেলা পুলিশ।
জরুরি সেবা ও খাদ্যদ্রব্য পণ্যের দোকান ছাড়া অন্যান্য বেশিরভাগ দোকান বন্ধ রয়েছে। তবে আজও কিছুকিছু লোকজনকে ঢাকা থেকে আসতে দেখা গেছে। লকডাউন বাস্তবায়নে জেলা পুলিশ ও জেলা প্রশাসন তৎপর রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মোঃ বিল্লাল হোসেন বলেন, শেরপুর শহরে লকডাউন বিধি নিষেধ কঠোরভাবে পালনের ক্ষেত্রে শহরের এন্ট্রি পয়েন্ট (প্রবেশ পথ) গুলো বন্ধ করে দেওয়া হয়েছে। তবে ওষুধ, রোগী ও জরুরী খাদ্য পণ্যবাহী যানবাহনগুলোকে বিশেষ ব্যবস্থায় চলাচলের সুযোগ করা দেওয়া হয়েছে। এ ছাড়া শহরের বিভিন্ন স্থানে ৯টি চেকপোস্ট বসানো হয়েছে।