বাগেরহাটের চিতলমারীতে আদিবাসি সংগঠনের পাওনা টাকা চাওয়ায় সংগঠনের সভাপতি অনাদি ম-ল ও তার স্ত্রী ফুলমালা বর্মন এবং আশার আলো সমিতির সভাপতি পংকজ বিশ্বাস ও সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় বিশ্বাসের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে। এ ঘটনায় চিতলমারী উপজেলা ক্ষুদ্র-নৃগোষ্ঠির সভাপতি অনাদি ম-ল উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
চিতলমারী উপজেলা ক্ষুদ্র-নৃগোষ্ঠির সভাপতি অনাদি ম-ল সাংবাদিকদের জানান, তাদের সমিতির সাবেক সহসভাপতি তুষার বিশ্বাস সমিতির থেকে ২০১৬ সালে ২ লক্ষ টাকা ধার নেন। পরবর্তীতে ধারের এ টাকা চাইলে নানা তাল-বাহানা করেন তিনি। বার বার এ টাকার জন্য চাপ দেওয়া হলে সে সংগঠনের উপজেলা সভাপতি অনাদি ম-ল আশার আলো সমিতির সভাপতি পংকজ বিশ্বাস ও সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় বিশ্বাসের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ দায়ের করেছেন। এ ব্যাপারে অনাদি ম-ল সাবেক সহসভাপতি তুষার বিশ্বাসের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত পূর্বক ওই সমিতির ধার দেওয়া টাকা যাতে ফেরত পান সেজন্য সংশ্লিষ্ট কর্তপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।
এ বিষয়ে আশার আলো সমিতির সভাপতি পংকজ বিশ্বাস ও সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, সমিতির সাবেক সহসভাপতি তুষার বিশ্বাস সমিতির টাকা ধার নিয়ে আত্মসাতের চেষ্টা করছে। ওই টাকা পরিশোধ না করে আমাদের বিরুদ্ধে উল্টো মিথ্যা অভিযোগ দিচ্ছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলী জানান, বিষয়টি তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।