খুলনার পাইকগাছায় কপোতাক্ষ নদে ভিটেবাড়ী হারিয়ে ভাঙনের অপরপ্রান্তে আশ্রয় নেওয়া ৯ ভূমিহীন পরিবারকে উচ্ছেদের অভিযোগ পাওয়া গেছে। ভাঙনে ক্ষতিগ্রস্থ ভূমিহীন পরিবারগুলোর অভিযোগ উপজেলার হাবিবনগরের ইউসুফ গাজীর ছেলে আব্বাস ও বিল্লাল গাজী প্রভাবশালীদের ছত্রছায়ায় থেকে থানায় জিডি করে পুলিশের ভয় দেখিয়ে নিজেই আইনভঙ্গ করে জমি দখলের চেষ্টা করছেন। ৯ এপ্রিল কপিলমুনির বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনকালে ভূমিহীনরা পাইকগাছা-কয়রার এমপি আক্তারুজ্জামান বাবু'র কাছে মৌখিকভাবে অভিযোগ করলে তিনি বিষয়টি সমাধানের জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দিয়েছেন। কপোতাক্ষ নদের ভাঙনের স্বীকার হাবিবনগরের গোপাল জোর্য়াদ্দারের ছেলে আইয়ুব জোর্য়াদ্দার ও মেয়ে জাহানারা বেগম জানান, দীর্ঘদিনের নদী ভাঙনে তারা সহ এলাকার বহু পরিবার জায়গা-জমি ও ঘরবাড়ী হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন। একসময় মাথা গোজার ঠাঁই হিসেবে ভাঙনে ক্ষতিগ্রস্থদের মধ্যে ৯টি ভূমিহীন পরিবার ১৫ কাঠা থেকে শুরু করে ১ বিঘা পর্যন্ত চরভরাটি জমিতে বাঁধ-বন্ধি করে ঘরবাড়ী বেঁধে বসতি স্থাপন সহ ফসল ফলাচ্ছেন। আবার অনেকে মাছ চাষ করে করে সংসার চালাচ্ছেন। ভূমিহীন মঙ্গল সরদার, রজব সরদার, আলমগীর, সালাউদ্দীন জোর্য়াদ্দার, অভিযোগ করেন, দীর্ঘদিনের চরভরাটি বসতি থেকে প্রতিপক্ষ ইউসুফ গাজীর ছেলে আব্বাস ও বিল্লাল গাজী আমাদের নামে থানায় জিডি করে পুলিশের ভয় দেখিয়ে উচ্ছেদের চেষ্টা করছেন। এমনকি ওরা পেশিশক্তি বলে বাঁধ কেটে আইন হাতে তুলে নিচ্ছেন। তবে এ অভিযোগের বিষয়ে বিল্লাল গাজী জানান, চরভরাটি এ জমি তার পরিবারের। এদিকে ভূমিহীনদের অভিযোগের প্রেক্ষিতে শনিবার দুপুরে পুলিশের এএসআই রফিকুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে দু'পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার নির্দেশনা দিয়েছেন। এ বিষয়ে ওসি মোঃ এজাজ শফী জানান, জায়গা-জমির বিষয়টি আদালতের এখতিয়ার ভুক্ত। কিন্তু আইনশৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে পুলিশ ভূমিকা রাখর কথা উল্লেখ করেন।