চৈত্রের প্রচন্ড তাপদাহ, বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং ও ভূগর্ভস্থ পানির স্তর নীচে নেমে তীব্র পানি সঙ্কট দেখা দেওয়ায় পাবনার সুজানগরের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শিশু এবং বৃদ্ধ থেকে শুরু করে সকল বয়সী মানুষ এই তাপদাহ, লোডশেডিং আর পানি সঙ্কটের কবলে পড়ে ছটফট করছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ময়নুল হক সরকার জানান, দীর্ঘ অনাবৃষ্টির কারণে তাপমাত্রা অসহনীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। বেলা বাড়ার সাথে সাথে রোদের তীব্র ঝাঁজে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছেন। অগ্নিঝড়া গরমে হাট-বাজার এবং রাস্তা-ঘাটে মানুষের বিচরণ কমে গেছে। তীব্র গরমের কারণে মাঠে কাজ করতে পারছেন না দিনমজুরেরা। সামান্য পরিশ্রমেই তারা হাঁপিয়ে উঠছেন। উপজেলার মানিকহাট ইউপি সদস্য শামছুর রহমান বলেন, তীব্র গরমের পাশাপাশি বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ের কারণে জনজীবন আরও বিপর্যস্ত হয়ে পড়েছে। সুজানগর পৌরসভাসহ উপজেলার সর্বত্র রাতে এবং দিনে পাল্লা দিয়ে চলছে লোডশেডিং। আর এই লোডশেডিংয়ের কারণে তাঁতসহ বিদ্যুৎ নির্ভর বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের উৎপাদন চরমভাবে ব্যাহত হচ্ছে। সেই সঙ্গে বিঘœ ঘটছে অফিস-আদালত এবং ব্যাংক-বীমার কার্যক্রম। অন্যদিকে ভূগর্ভস্থ পানির স্তর নীচে নেমে যাওয়ায় উপজেলার বেশিরভাগ টিউবওয়েল এবং মটরে পানি না উঠায় মানুষ তীব্র পানি সঙ্কটে ভুগছেন। উপজেলার কাকিয়ান গ্রামের আবদুর রহমান বলেন প্রায় ২০দিন হলো আমার বাড়িসহ আশপাশের বাড়ির টিউবওয়েলে পানি উঠছেনা। ঐ সকল বাড়ির লোকজন দূর-দূরান্তের গভীর নলকূপ থেকে পানি টেনে এনে দৈনন্দিন চাহিদা মেটাচ্ছেন। উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী মনিরুল ইসলাম বলেন দির্ঘদিন বৃষ্টি না হওয়ায় ভূগর্ভস্থ পানির স্তর অস্বাভাবিক নীচে নেমে যাওয়ায় উপজেলার অধিকাংশ টিউবওয়েলে পানি উঠছে না। বৃষ্টি না হওয়া পর্যন্ত পানি সঙ্কট দূর হবেনা।