রাজশাহীর চারঘাটে অবৈধ মাটিবাহী টলির সাথে মোটরসাইকেলের সংর্ঘষের ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত ও একজন আহতের ঘটনায় মানববন্ধন করেছে উপজেলার কালুহাটি চককৃষ্ণপুর উদয় সংঘ কিশোর ক্লাবের সদস্যবৃন্দরা।
শুক্রবার ( ৯ এপ্রিল) বিকেল সাড়ে ৩ টার দিকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলার কালুহাটি চককৃষ্ণপুর উদয় সংঘ কিশোর ক্লাবের কার্যালয় থেকে ওই ক্লাবের সভাপতি আবদুর রহমান রিংকু এর নেতৃত্বে মানববন্ধনের একটি র্যালী বের হয়ে নন্দনগাছী-আড়ানী সড়কের জোতকার্তিক নিখিল মাস্টারের বাড়ী অর্থাৎ দুর্ঘটনার ঘটনাস্থলে এসে র্যালিটি শেষ হয়।
পরবর্তীতে তারা সড়ক দুর্ঘটনার প্রতিবাদে সরকারের কাছে তারা তাদের ৬ টি দাবি জানায়, দাবিগুলো হলো নিরাপদ সড়ক চাই, লাইসেন্সযুক্ত গাড়ি চালক চাই,ভারি গাড়ি চলাচল নিয়ন্ত্রন চাই, বেপোরোয়া ভাবে গাড়ি চালকদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা চাই, রেল ক্রসিং এর নিরাপত্তা চাই।
মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের চারঘাট উপজেলায় প্রায়দিনই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে আমরা সেগুলোর প্রতিকার চাই। এছাড়াও সড়ক দুর্ঘটনা রোধে সরকারের নিকট কার্যকর উদ্যোগ নেয়ার দাবি জানায় তারা। মানববন্ধনে প্রায় ৬০ জন সদস্য উপস্থিত ছিলেন।
উল্লেখ্যঃ বৃহস্পতিবার (৮ এপ্রিল) বিকেল চারটার দিকে চারঘাট উপজেলার চক শিমুলিয়া গ্রামের ফরেত উল্লার ছেলে মন্টু আলী ও কালুহাটি পশ্চিমপাড়া গ্রামের সাত্তার আলীর ছেলে আলমগীর হোসেন এপাচি মোটরসাইকেল যোগে নন্দনগাছী থেকে আাড়ানীর দিকে যাচ্ছিলেন। এ সময় জোতকার্তিক নিখিল মাষ্টারের বাড়ীর সামনে পৌছলে পার্শ্বরাস্তা থেকে মেইন রাস্তায় উঠার সময় মাটিবাহী টলির সঙ্গে সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় মোটরসাইকেল আরোহী মন্টু। আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়া অপর আরোহী আলমগীর হোসেনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।