বাঁকী না দেয়ায় নাটোরের সিংড়ায় মো. জিল্লুর রহমান (৪৫) নামের এক তরমুজ ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে হত্যা করেছে স্থানীয় গ্রাম্য ঘটক। নিহত ব্যক্তি উপজেলার ইটালী ইউনিয়নের ইন্দ্রাসুন গ্রামের মৃত গেদা প্রামাণিকের ছেলে ও সাতপুকুরিয়া বাজারের কাঁচামাল ব্যবসায়ী। শুক্রবার বাদ জুম্মা সাতপুকুরিয়া বাজারে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে। এদিকে ঘটনার পরই স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় ঘাতক ঘটক মো. বাচ্চু মোল্লাকে চলনবিলের বড়িয়া মাঠ থেকে আটক করেছে সিংড়া থানা পুলিশ। আটক বাচ্চু মোল্লা একই গ্রামের নওশের মোল্লা ওরফে নসু মোল্লার ছেলে।
সিংড়া থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, শুক্রবার বাদ জুম্মা সাতপুকুরিয়া বাজারের ব্যবসায়ী জিল্লুর রহমানের দোকানে গিয়ে তরমুজ বাঁকী চান ঘটক মো. বাচ্চু মোল্লা। বাঁকীতে তরমুজ না দেয়ার উভয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ব্যবসায়ী জিল্লুর রহমানকে ছুরিকাঘাত করেন ঘটক মো. বাচ্চু মোল্লা। পরে স্থানীয়রা আহত জিল্লুর রহমানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম হত্যাকান্ডের সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনার মূল হোতা মো. বাচ্চু মোল্লাকে আটক করা হয়েছে। এবং ঘটনাস্থল থেকে হত্যাকান্ডে ব্যবহ্নত ছুরি উদ্ধার করা হয়েছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য নাটোর মর্গে প্রেরণ করা হয়েছে।