পাবনার সুজানগরে অগ্নিকাণ্ডে ১টি গরু মারা গেছে। এ সময় মারাত্মক অগ্নিদগ্ধ হয়েছে আরও ২টি গরু ও ৪টি ছাগল। মারা যাওয়া গরুর মূল্য প্রায় ২লাখ টাকা। বৃহস্পতিবার রাতে উপজেলার শাহপুর গ্রামের আসলাম উদ্দিনের গোয়াল ঘরে ঐ অগ্নিকাণ্ড সংঘটিত হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জামাল উদ্দিন জানান, ওই আসলাম উদ্দিন তার বাড়ির গোয়াল ঘরে গরু-ছাগল রেখে মশার উপদ্রব থেকে বাঁচাতে কয়েল লাগিয়ে দেয়। রাত সাড়ে ৮টার দিকে কয়েলের আগুন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। আগুন মুহূর্তের মধ্যে গোয়াল ঘরের চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ১টি গরু মারা যায় এবং ২টি গরু ও ৪টি ছাগল অগ্নিদগ্ধ হয়। খবর পেয়ে এলাকাবাসী ও সুজানগর দমকল বাহিনীর সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।