দিনাজপুরের হাকিমপুরে প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত ঘর পাইয়ে দেওয়ার প্রলোভন দেওয়ার কথা বলে এক ভ্যান চালকের নিকট থেকে ১৪ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে রোস্তম আলী আকালু নামের একজনকে ১০ দিনের বিনাশ্রম কারাদ- দিয়েছে ভ্রাম্যমান আদালত।
গত সোমবার সন্ধ্যায় হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্টেট্র মোহাম্মদ নুর-এ-আলম তাকে এ সাজা প্রদান করেন।
দন্ডপ্রাপ্ত রোস্তম আলী আকালু (৪২) হাকিমপুর উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়নের দক্ষিন মাধবপাড়া গ্রামের ওয়াকিল উদ্দিনের ছেলে
এসময় হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্টেট্র মোহাম্মদ নুর-এ-আলম সাংবাদিকদের বলেন, হাকিমপুর উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়নের চকভীরাম গ্রামের ভ্যান চালক ফেরদৌসকে প্রধানমন্ত্রীর দেওয়া জায়গাসহ একটি ঘর দেওয়ার কথা বলে একই এলাকার দক্ষিন মাধবপাড়া গ্রামের রোস্তম আলী আকালু ১৪ হাজার টাকা নেয়। টাকা নেয়ার বিষয়টি স্বীকার করলে রোস্তম আলী আকালুকে ১০ দিনের বিনাশ্রম কারাদ- প্রদান এবং ফেরদৌস আলীকে ১৪ হাজার টাকা ফেরত দেওয়ার কথা বলা হয়।