সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে রাজশাহীতে প্রায় আগের ন্যয়ই ছিল জনসাধারণের চলাচল। ফলে সরকার ঘোষিত প্রথম দিন সোমবার (৫ এপ্রিল) রাজশাহী মহানগরীতে লকডাউনের তেমন কোন প্রভাব লক্ষ্য করা যায়নি। তবে সড়ক-মহাসড়কে দূরপাল্লা ও আন্তঃজেলা রুটের সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল। আর ব্যাটারিচালিত রিকশা, অটোরিকশা, সিএনজি, মাইক্রোবাস ও মোটরসাইকেলসহ অন্যান্য হালকা যানবাহনের চলাচল ছিল প্রায় স্বাভাবিক ছিল। আর এসব যানবাহনে স্বাস্থ্যবিধি অনুসরণের তোয়াক্কাও তেমনভাবে করা হয়নি। এসব যানবাহনে চড়ে আগের মতই ঠাসাঠাসি করে যাত্রীরা তাদের গন্তব্যে বেড়িয়েছেন। আর এ বিষয়ে সরকারি অফিস-আদালতের পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান খোলা থাকার অজুহাত দেখিয়েছেন যাত্রীরা। এ ক্ষেত্রে প্রশাসনের জরালো ভুমিকা না থাকাকেও দায়ী করেছেন সচেতন নগরবাসী। ফলে করোনাভাইরাসের বিস্তার রোধে সরকারিভাবে জারীকৃত একগুচ্ছ বিধিনিষেধের পরও লকডাউনের প্রথমদিনে রাজশাহীতে প্রভাব পড়েনি।
এদিকে নিধিনিষেধ মেনে অধিকাংশ শপিং মল বন্ধ রাখা হলেও লকডাউন প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করছেন রাজশাহীর ব্যবসায়ীরা। আর কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উম্মুক্ত স্থানে স্বাস্থ্যবিধি মেনে কেনাবেচা করার কথা থাকলেও সোমবারের চিত্র ছিল প্রায় আগের মতই। শুধু তা-ই নয়, লকডাউনের প্রথম দিন মহানগরীর রড-সিমেন্ট ও টাইলসের দোকানও ছিল খোলা।
তবে জরুরি পরিষেবা ছাড়া সরকার ঘোষিত লকডাউন মেনে চলার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মাঠে কাজ করতে দেখা গেছে। আর পরিবহনে স্বাস্থ্যবিধি মেনে যাত্রীদের উঠতে ও সামাজিক দূরত্ব মেনে চলারও নির্দেশনা দিতে দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীকে। কোথাও যানবাহনে দুই-তিনজনের অধিক থাকা যাত্রীদেরও নামিয়ে দেওয়ার কাজও করেছেন তারা।
এদিকে, রাজশাহীতে মার্কেট খোলার দাবিতে বিক্ষোভ করেছে নগরীর ব্যবসায়ীরা। সোমবার বেলা ১২টার দিকে নগরীর সাহেববাজার আরডিএ মার্কেটের সামনে ব্যবসায়ী ও তাদের কর্মচারিরা জড়ো হয়ে সড়ক অবরোধ রেখে বিক্ষোভ করে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ব্যবসায়ীদের সাথে কথা বলেন রাজশাহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আবু আসলাম।
এ সময় তিনি অবরোধকারীদের বলেন, লকডাউন সরকারি সিদ্ধান্ত। সেই সিদ্ধান্ত অনুযায়ী মার্কেট খোলার কোন সুযোগ নেই। তারপরেও কেউ যদি ব্যবসা প্রতিষ্ঠান খুলে তাহলে বন্ধ করে দেয়া হবে। তবে ব্যবসায়ীদের দাবীর বিষয়টি জেলা প্রশাসককে জানানোরও আশ্বাস দেন তিনি। এরপর ব্যবসায়ীরা অবরোধ তুলে নেন।
এ বিষয়ে ব্যবসায়ী কাজল হোসেন বলেন, আমরা ডিসি সাহেবসহ উধ্বর্তন কর্তৃপক্ষের সাথে আমাদের দাবীর কথা বলেছি। কিন্তু তারা আগামীকাল (মঙ্গলবার) তাদের সীদ্ধান্ত জানাতে চেয়েছেন। তাদের সীদ্ধান্তে সাড়া না পেলেও আমরা সবাই নিজে নিজে দোকান খুলবো।
রাজশাহী কাপড়পট্টি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক খন্দকার শামিম বলেন, গত বছর লকডাউনের কারণে তারা পরিবার-পরিজন নিয়ে ঠিক মতো ঈদ করতে পারেনি। লকডাউন চলছে চলুক, আমাদের একটা সময় বেধে দিলে ভালো হয়।
এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার আবু কালাম সিদ্দিক বলেন, রোববার রাত থেকেই মার্কেট ও গণপরিবহন বন্ধ করে দেওয়া হয়েছে। আর প্রথম দিন সোমবার মানুষকে সচেতন করা হচ্ছে। তারা যেন জরুরী প্রয়োজন ছাড়া বাড়ির বাহিরে বের না হয়। তবে দ্বিতীয় দিন মঙ্গলবার থেকে আরও কড়াকড়ি করা হবে।
এ বিষয়ে রাজশাহীর জেলা প্রশাসক (ডিসি) মো. আবদুল জলিল জানান, সরকারি নির্দেশনা মোতাবেক লকডাউন বাস্তবায়নের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। লকডাউন কার্যকর করতে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে প্রথমদিন সোমবার সকাল থেকেই ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম শুরু হয়েছে। এ ছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তারা উপজেলা পর্যায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাগণকে প্রয়োজনীয় ব্যবস্থার নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে প্রথমদিন কিছু কিছু ক্ষেত্রে জনগণকে সতর্কতা প্রদান করলেও পরবর্তিতে এ বিষয়ে কোন ছাড় হবেনা।
আর সরকারি নির্দেশনা মেনে জনসাধারণকে ঘরে থাকার আহবান জানিয়ে ডিসি বলেন, জরুরি প্রয়োজনে কেউ বাইরে বের হলেও সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মানতে হবে। নয়তো, বিধি মোতাবেক আইন লঙ্ঘকারীদের বিরদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।