মো. রেহানুল হক। বয়স ৬৩ বছর। প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে কাজ করেছেন। শিক্ষক নেতা হিসাবে ছিলেন সুপরিচিত। শিক্ষকদের আপদে-বিপদে সবসময় তাদের পাশে থাকায় পুরো উপজেলায় শিক্ষকদের কাছে খুব জনপ্রিয় মুখ ছিলেন। সরকারি বিধি অনুযায়ী ১৫ জুন ২০১৮ তারিখে তিনি চাকুরী হতে অবসর গ্রহণ করেন। প্রতিটি সরকারি চাকুরে যে স্বপ্ন বুকের মাঝে লালন করেন তা হলো চাকুরী হতে অবসর গ্রহণ করে পেনশনের টাকা দিয়ে সুখে-শান্তিতে জীবণের বাঁকিটা সময় পার করবেন। কিন্তু এক সময়ের প্রভাবশালী শিক্ষক মো. রেহানুল হকের ক্ষেত্রে ঘটেছে ঠিক তার উল্টোটা। শিক্ষক নেতা হিসাবে তিনি শিক্ষক সমাজের শত শত সমস্যা নিরসন করলেও আজ তিনি নিজেই চরম সমস্যার মধ্যে নিমজ্জিত। অবসরের প্রায় ৩বছর সময় পেরিয়ে গেলেও পেনশনের টাকা উত্তোলন করতে না পারায় পরিবার-পরিজন নিয়ে চরম সংকটে দিনাতিপাত করছেন। নারী শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে এক শিক্ষকের পক্ষে স্বাক্ষী দেওয়ায় তৎকালীন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের রোষানলে পড়ে এই হয়রানির মধ্যে পড়েছেন তিনি।
হয়রানির শিকার শিক্ষক মো. রেহানুল হক কর্ত্তৃক ০১/০২/২০২১ তারিখে শিক্ষা সচিব বরাবর প্রদত্ত আবেদন থেকে জানা যায়, নারী শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে একটি মামলায় জনৈক নারী শিক্ষকের পক্ষে ও উপজেলা শিক্ষা অফিসারের বিপক্ষে আদালতে স্বাক্ষি দেওয়ায় তৎকালীন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম মন্ডল তড়িঘড়ি করে তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করেন এবং ২৬/২/২০১৪ তারিখে সহকারি শিক্ষক পদে অবনয়ন করেন। এর প্রেক্ষিতে তিনি হাইকোর্টে রীট করলে হাইকোর্ট ০৭/০৭/২০১৪ তারিখে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের দন্ড বাতিল করে দুটি বার্ষিক বেতন বৃদ্ধি আজীবন বন্ধ করে রায় ঘোষণা করেন। এর প্রেক্ষিতে তিনি প্রশাসনিক ট্রাইবুনাল বগুড়ায় ১৩৪/২০১৮নং মামলা দায়ের করেন। প্রশাসনিক ট্রাইবুনাল ২৮/০৫/২০১৯ তারিখে তাঁর পক্ষে রায় দেন। প্রশাসনিক ট্রাইবুনালের রায় পাওয়ার পর শিক্ষক রায়হানুল হক নিয়ম অনুসারে পিআরএল অনুমোদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র পত্নীতলা উপজেলা শিক্ষা অফিসারের মাধ্যমে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম মন্ডলের নিকট জমা দেন। কাগজপত্র জমা দেওয়ার পর তিনি বার বার অফিসে যোগাযোগ করলেও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অহেতুক কাল ক্ষেপণ করতে শুরু করেন। পরে তাঁকে জানিয়ে দেওয়া হয় যে, কাগজপত্র অনুমোদনের জন্য ১৮/০৮/২০১৯ তারিখে ডিজি অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে শিক্ষক রায়হানুল হকের ফাইলটি অদৃশ্য কারণে অধিদপ্তরের পলিসি অপারেশন শাখায় পড়ে আছে। এদিকে পেনশনের টাকা না পেয়ে শিক্ষক রায়হানুল হক অসুস্থ অবস্থায় পরিবার-পরিজন নিয়ে অত্যন্ত মানবেতর জীবণ যাপন করছে।
এ বিষয়ে অবসরপ্রাপ্ত শিক্ষক রেহানুল হক জানান, তৎকালীন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আমিনুল ইসলাম মন্ডল পত্নীতলা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালনের সময় ২০১২ সালে জনৈক শিক্ষিকা তাঁর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালে মামলা করেন। আমি শিক্ষক নেতা হওয়ায় আমাকে না জানিয়েই এই মামলায় আমাকে স্বাক্ষী করা হয়। আমি কোর্টে স্বাক্ষী দিতে না গেলে আমার বিরুদ্ধে ওয়ারেন্ট জারী হয় এবং পুলিশ আমাকে ধরে নিয়ে গেলে আমি স্বাক্ষী দিতে বাধ্য হই। তৎকালীন উপজেলা শিক্ষা কর্মকর্তা (পরে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসাবে পদোন্নতি প্রাপ্ত) মো. আমিনুল ইসলাম মন্ডল এতে আমার উপর ক্ষিপ্ত হন এবং তড়িঘড়ি করে আমার বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণ করেন। তিনি আক্ষেপ করে আরো বলেন, স্বাক্ষী দেওয়ায় আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও অভিযোগকারী শিক্ষিকা বয়াল তবিয়তে চাকুরী করে যাচ্ছেন। প্রাথমিক শিক্ষা অফিসারে রোষালনে পড়ে তিনি জীবণের পড়ন্ত বেলায় যে কঠিন সংকটের মধ্যে পড়েছেন তা থেকে পরিত্রাণ লাভের জন্য মাননীয় শিক্ষা মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন প্রবীণ এই শিক্ষক।