রাজশাহীর ক্রীড়াঙ্গনের উন্নয়নের জন্য অতীতের ন্যায় সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। শনিবার (৩ এপ্রিল) বিকেলে শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে ৬ষ্ঠ এমসিসি টি-২০ টুর্ণামেন্টের ফাইনাল খেলা শেষে পুরুষ্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এ কথা বলেন। এছাড়াও বেশি বেশি টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে নতুন প্রতিভাবান খেলোয়াড় বের করে আনা হবে বলেও বক্তব্যকালে জানান মেয়র লিটন।
অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে ট্রফি ও কৃতী খেলোয়াড়বৃন্দের হাতে ক্রেস্ট তুলে দেন মেয়র লিটন। পুরস্কার বিতরণকালে অন্যান্যের মধ্যে ফর্মার ক্রিকেটার্স অব রাজশাহীর সভাপতি ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক খালেদ মাসুদ পাইলট ও ফর্মার ক্রিকেটার্স অব রাজশাহীর অন্যতম সদস্য শেখ মামুন ডলার উপস্থিত ছিলেন।
এ তথ্য নিশ্চিত করে শনিবার বিকেলে রাসিকের জনসংযোগ কর্মকর্তা বলেন, মাষ্টার্স ক্রিকেট কার্নিভালের (এমসিসি) ফাইনালে রাজশাহী বুলস্ কে ৪ উইকেটে হারিয়ে প্রথম বারের মত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে গতবারের রানার্স আপ দল কিংস ইলেভেন সিল্কসিটি।
আর ফাইনাল খেলায় টস জিতে বল করার সিদ্ধান্ত নেয় কিংস ইলেভের সিল্কসিটি অধিনায়ক নূরু। নির্ধারিত ২০ ওভারে রাজশাহী বুলস ৯ উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে নাজমুল ৪০ ও আলম ১৯ রান করেন। কিংস-এর নুরু, জনি ও টরে ২টি করে উইকেট লাভ করেন। ১৩৭ রানে ছোট টার্গেটে ব্যাট করতে এসে সহজেই ১৮.৩ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৭ রান তুলে চ্যাম্পিয়ন হয়ে মাঠ ছাড়ে কিংস ইলেভেন সিল্কসিটি। দলের পক্ষে উদ্বোধনী ব্যাটসম্যান সুমন ৪৪ ও টরে অপরাজিত ৩৪ রান করেন। দুই উইকেট ও অপরাজিত ৩৪ রানে দৌলতে ম্যান অফ দ্যা ফাইনাল নির্বাচিত হন কিংস ইলেভেনের টরে। এছাড়াও মাস্টাস অফ দ্যা ব্যাটসম্যান নির্বাচিত হন বরেন্দ্র হিরোজের আমিরুল। তিনি ৫ খেলায় ২৭৯ রান সংগ্রহ করেন। মাষ্টাস অব দ্যা বোলার নির্বাচিত হন কিংস ইলেভেনের অধিনায়ক নুরু। তিনি ৭ টি খেলায় ১০টি উইকেট লাভ করেন।