রাজশাহীর বাঘায় গোপন বৈঠক থেকে ৫ জনকে আটকের পর ছেড়ে দেয়ায় অভিযোগ উঠেছে। শুক্রবার রাত ১১টার দিকে তাদের কাছে থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। বিকেলে উপজেলার মিলিক বাঘা এলাকার জাহাঙ্গীর হোসেনের বাড়ি থেকে তাদের আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে জাহাঙ্গীর হোসেনের বাড়িতে জামায়াত শিবির গোপন বৈঠক করছে মর্মে, বাঘা থানার পুলিশ অভিযান চালিয়ে বাড়ির মালিকসহ, আমোদপুর গ্রামের আবদুল খালেকের ছেলে রাকিবুল ইসলাম (১৮), বানিয়াপাড়া গ্রামের মান্নান হোসেনের ছেলে আলী হাসান (১৫), একই গ্রামের শাজাহান আলীর ছেলে শাকিব হোসেন (১৪), সরেরহাট গ্রামের নজরুল ইসলামের ছেলে নাজমুল হোসেনকে (২২) আটক করা হয়। আটককৃতদের মধ্যে একজনের নামে ২০১৩ ও ২০১৭ সালের থানায় মামলা রয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে বাঘা থানার তদন্ত কর্মকর্তা আবদুল বারী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে থানায় আনা হয়। পরে জিজ্ঞাসাবাদে তাদের বিরুদ্ধে অপ্রীতিকর কোন ঘটনা ঘটনার সত্যতা না পেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে মুচলেকা নিয়ে নিজ নিজ পরিবারের কাছে তাদের ছেড়ে দেয়া হয়েছে।