রাশিয়ার বিরোধী দলের নেতা অ্যালেক্সেই নাভালনি কারাগারে যথাযথ চিকিৎসা সেবার দাবিতে অনশনের ঘোষণা দিয়েছেন। নাভালনির অভিযোগ পিঠ ও পায়ে মারাত্মক ব্যথা হলেও তাকে পর্যাপ্ত চিকিৎসা দিতে ব্যর্থ হয়েছেন কারা কর্মকর্তারা। বুধবার নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা এক বিবৃতিতে অনশনের ঘোষণা দেন তিনি। বিষক্রিয়ায় আক্রান্ত হবার পর চিকিৎসা শেষে দেশে ফেরার পর প্যারোল ভঙ্গের অভিযোগে গত জানুয়ারিতে কারাবন্দি হন আলেক্সাই নাভালনি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কড়া সমালোচক ও বিরোধী দলীয় নেতা নাভালনিকে গত বছর বিষাক্ত রাসায়নিক নার্ভ এজেন্ট ‘নোভিচক’ প্রয়োগে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাশিয়া থেকে জার্মানির বার্লিনে নিয়ে যাওয়া হয় এবং সেখানে কয়েক মাসের চিকিৎসায় তিনি সুস্থ হয়ে উঠেন। তবে, সুস্থ হওয়ার পর গেল জানুয়ারিতে রাশিয়া ফিরলে মস্কো বিমানবন্দর থেকেই নাভালনিকে গ্রেপ্তার করা হয়। এরপর পুরাতন একটি মামলায় জামিনের শর্ত ভঙ্গের অভিযোগে তাকে সাড়ে তিন বছরের কারাদণ্ড দেয়া হয়।