মিয়ানমারে সেনা অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ শুরুর পর দেশটির সশস্ত্র বাহিনীর গুলিতে অন্তত ৪৩ শিশু নিহত হয়েছে। বিশ্বব্যাপী শিশুদের অধিকার নিয়ে কাজ করা 'সেভ দ্য চিলড্রেন' জানিয়েছে, জান্তা সরকারবিরোধী বিক্ষোভে বৃহস্পতিবার দুইজন নিহত হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা ৫৩৮ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার সংস্থাটি জানায়, দক্ষিণপূর্ব এশিয়ার দেশটিতে দুঃস্বপ্নের পরিস্থিতি বিরাজ করছে। গুলিতে সবচেয়ে কম বয়সী সাত বছরের এক শিশু নিহত হয়েছে। এর আগে, সামরিক জান্তার বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ না নিলে দেশটিতে রক্তক্ষয়ী গৃহযুদ্ধ বাধতে পারে বলে নিরাপত্তা পরিষদকে সতর্ক করেছেন জাতিসংঘে মিয়ানমারের দূত ক্রিস্টিন বার্গনার। এদিকে, মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেতা অং সান সু চি'র বিরুদ্ধে জান্তা সরকার, সরকারি গোপনীয়তা অমান্যের দায়ে নতুন অভিযোগ এনেছে বলে বৃহস্পতিবার জানিয়েছে সু চি'র আইনজীবী। পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত দেশটিতে তারবিহীন ব্রডব্যান্ড পরিষেবা বন্ধের নির্দেশ দিয়েছে জান্তা সরকার।