বিরলে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বয়স্ক, বিবাহিত ও অছাত্রদের বাদ দিয়ে ত্যাগী ও নীতিবান ছাত্রদের অন্তর্ভূক্ত করে পদবঞ্চিত নেতা-কর্মীরা পূণরায় আহ্বায়ক কমিটি গঠনের দাবি জানিয়ে এ কর্মসূচীতে অংশগ্রহণ করে। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী দলীয় কার্যালয়ের সম্মূখে মানববন্ধন কর্মসূচি পুলিশের বাঁধায় করতে না পেরে দলীয় কার্যালয়ের সভাকক্ষে এ প্রতিবাদ সভা করে নেতা-কর্মীরা।
শুক্রবার বিকালে বিরল উপজেলা বিএনপি’র কার্যালয়ে প্রতিবাদ সভায় ছাত্রদলের ত্যাগী নেতা-কর্মীরা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর কর্তৃক দায়িত্বপ্রাপ্ত সহ-সভাপতি ও রংপুর বিভাগীয় এলাকার দলপ্রধান ছাত্রনেতা লিংকন এর ফেসবুক আইডিতে গত ১০ মার্চ রাত প্রায় সাড়ে ৩ টায় বিরল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির তালিকা পোস্ট করা হয়। ওই কমিটির আহ্বায়ক সুমন রেজা গত ২০০১ থেকে ২০০৩ এসএসসি পরীক্ষায় জগতপুর আলহাজ্ব কছিমদ্দীন আহমেদ উচ্চবিদ্যালয় হতে অংশগ্রহণকারী। রাজধানী ঢাকার একটি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত ২নং যুগ্ম-আহ্বায়ক ফিরোজ আলী উপজেলা ছাত্রদলের রাজনীতিতে কখনও অংশগ্রহণ করেননি। ২ সন্তানের জনক ৩নং যুগ্ম-আহ্বায়ক নুর ইসলাম এবং কমিটির সদস্য শরিফুল ইসলাম ১ সন্তানের জনক। কমিটির সদস্য আল আমিন একজন অন্য ছাত্রসংগঠনের কর্মী। এছাড়াও কমিটিতে অছাত্রদেরও নাম উঠে এসেছে। এতে করে প্রকৃত ত্যাগী ছাত্রদল কর্মীরা বাদ পড়েছে।
এছাড়াও বক্তারা দাবি করেন, সম্পূর্ণরূপে অর্থের বিনিময়ে ফেসবুকের পোস্ট এর মাধ্যমে কমিটি দেয়া হয়েছে। এর আগে গত ১৮ মার্চ বিক্ষোভ সমাবেশ করে এ কমিটি বাতিল করে নতুন কমিটি দেয়ার দাবি জানানো হলেও ছাত্রদলের ত্যাগী নেতা-কর্মীদের মূল্যায়ন করে অছাত্র, বিবাহিত ও বয়স্কদের বাদ দিয়ে এখনও নতুন কমিটি গঠন করা হয়নি। তাই অতি দ্রুত বর্তমান আহ্বায়ক কমিটি বাতিল করে পূণরায় নতুন একটি কমিটি গঠনের দাবি জানান নেতা-কমীবৃন্দ।
প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পৌর বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এবং সাবেক ভিপি মঞ্জুর রহমান মহবুর, উপজেলা ছাত্রদলের সাবেক ছাত্রনেতা মোঃ মুবাশ্বেরুল ইসলাম, রতন ইসলাম, হেলাল, লাবিব, ঘোষিত কমিটির ১নং যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান, অপর যুগ্ম-আহ্বায়ক রুহুল আমিন, শাহরিয়ার ইমতিয়াজ, মনির হোসেন, সদস্য তৌকির আহমেদ সুমন, মহসিন আলী, মিরাজুল ইসলাম, মতিউর রহমান প্রমূখ। প্রতিবাদ সভায় উপজেলা ও ইউনিয়ন ছাত্রদলের প্রায় শতাধিক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।