সেতাবগঞ্জ পৌরসভার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী ও সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলা ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে সাংবাদ সম্মেলন করলেন একই পৌরসভার মেয়র মো আবদুস সবুর।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌরসভার হল রুমে সংবাদ সম্মেলনে বিভিন্ন অভিযোগ করেন পৌর মেয়র মোঃ আবদুস সবুর।
তবে তার বিরুদ্ধে আনীত অভিযোগ সঠিক নয় বলে জানান সেতাবগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী ভরত চন্দ্র পাল ও রইচউদ্দীন মিয়া।
সংবাদ সম্মেলনে বিভিন্ন অভিযোগ করে পৌরসভার মেয়র মোঃ আবদুস সবুর বলেন, সেতাবগঞ্জ পৌরসভার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী ভরত চন্দ্র পাল ও সহকারী প্রকৌশলী মোঃ রইচ উদ্দিন মিয়া তাদের উপর অর্পিত দায়িত্ব ঠিকমত পালন করছেনা। বিভিন্ন উন্নয়নমুলক কাজে তাদের অবহেলা ও স্বেচ্ছাচারিতার কারণে সময় মত কাজ শেষ করেনি কাজের ঠিকাদারগণ। এমনকি কয়েকটি কাজের ওয়ার্ক অর্ডার ও সময় মত না দেওয়ার কারণে পৌরবাসীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অপরদিকে আরবান প্রকল্পের অধীনে ৫টি প্যাকেজে ১২টি উন্নয়ন কাজের জন্য গত ৩ মাস পুর্বে ৪ কোটি ৫৭ লাখ ৯৫ হাজার টাকা বরাদ্দ আসার পরও ওই প্রকৌশলীরা অসৎ ব্যক্তিস্বার্থ হাসিলের জন্য অদ্যাবধি টেন্ডার আহবান করেননি। পৌরবাসীর সার্বিক সেবা নিশ্চিত করতে প্রকৌশলীদ্বয় সেতাবগঞ্জে অবস্থান করার কথা থাকলেও তারা নিজ কর্মস্থলে থাকেন না। করেনা কালীন সময়ে নির্বাহী প্রকৌশলী ও সহকারী প্রকৌশলীদ্বয় প্রায় দুই মাস অফিস করেননি। তাদের খেয়াল খুশিমত কাজ করার জন্য পৌরসভার উন্নয়নমূলক কাজ বাধাগ্রস্থ হচ্ছে। পৌর মেয়র উপর্যুক্ত বিষয়ে অভিযোগ করে তাদের অন্যত্র বদলীর জন্য স্থানীয় সরকার মন্ত্রনালয়ের সচিব বরাবরে লিখিত অভিযোগ দায়ের করা সত্বেও তাদের বিরুদ্ধে অদ্যবাধি কোন কার্যকর ব্যবস্থা গ্রহন করা হয়নি।
উক্ত অভিযোগের বিষয়ে সেতাবগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী ভরত চন্দ্র পাল ও রইচউদ্দীন মিয়া বলেন, তাদের বিরুদ্ধে আনা সকল অভিযোগ সঠিক নয়। পৌরসভার সকল উন্নয়ন কাজ বিধি মোতাবেক চলমান রয়েছে। কোন কাজের বিষয়ে কোন রকম স্বেচ্ছাচারিতা বা গাফলাতি করা হয়নি।
সাংবাদিক সম্মেলনে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিল ও সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলররা উপস্থিত ছিলেন।