২য় পর্যায়ে করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় জনগনকে মাস্ক পরিধঅনে উৎসাহিত করতে বাগেরহাটে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মাস্ক বিতরণ করা হচ্ছে।এর পাশাপাশি স্বাস্থ্য বিধি নিশ্চিত করতে নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালিত হচ্ছে।
বৃহস্পতিবার (০১ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুবাইয়া তাসনিমের নেতৃত্বে বাগেরহাট সদর উপজেলার দড়াটানা সেতু টোল প্লাজা ও কচুয়া উপজেলার সাইনবোর্ড বাজারে সচেতনামূলক লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়। এ সময় স্বাস্থ্যবিধি না মানায় সাইনবোর্ড বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে চার জনকে এক হাজার একশ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুবাইয়া তাসনিম। এ ছাড়া জেলা প্রশাসনের আরও ৩টি ভ্রাম্যমান টিম সচেতনামূলক লিফলেট ও মাস্ক বিতরণ করছে।
বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মাদ রিজাউল করিম বলেন, করোনার শুরু থেকেই আমরা জনসাধারণকে সচেতন করতে লিফলেট এবং মাস্ক বিতরণ করে আসছি। স্বাস্থ্য বিধি মান্য করতে ভ্রাম্যমান আদালত চলমান ছিল। ২৬ মার্চ থেকে এসব কার্যক্রম আরও জোরালো করা হয়েছে। বর্তমানে প্রতিদিন আমাদের ৪টি ভ্রাম্যমান টিম মাঠে কাজ করছে। করোনা প্রকোপ শেষ না হওয়া পযন্ত আমাদের এসব কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।