দিনাজপুরের পার্বতীপুর থেকে অপহৃত হওয়ার এক স্কুল ছাত্রীকে ঢাকা থেকে উদ্ধার করেছে পার্বতীপুর মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (১ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা ডিএমপি দক্ষিণ থানা মধ্য আজমপুর মুক্তিযোদ্ধা মোড় মুসলিম পাড়া ভাড়া বাসা থেকে অপহৃত ওই স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়। আগামীকাল শুক্রবার সকালে ডাক্তারি পরীক্ষার জন্য তাকে দিনাজপুর এম রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। সে শহরের পার্বতীপুর পাবলিক উচ্চবিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী।
পার্বতীপুর মডেল থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মোঃ মোখলেছুর রহমান বলেন, ২০২০ সালে ১৫ আগস্ট সন্ধ্যে ৭টার দিকে ভিকটিম বাড়ী থেকে প্রয়োজনীয় কাজের জন্য বাইরে বের হলে সে অপহৃত হয়। এ ঘটনায় অপহৃতার বাবা বাদী হয়ে গত ২৩ আগস্ট প্রধান অভিযুক্ত মাসুদ রানা (২০)সহ ৪জন কে আসামি করে পার্বতীপুর মডেল থানায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনে (সংশোধনীয়/০৩) এর ৭/৩০ ধারায় অপহরণ মামলা দায়ের করেন।
পার্বতীপুর মডেল থানার তদন্তকারী কর্মকর্তা সাব-ইন্সপেক্টর বিধান চন্দ্র বর্মন জানান- ঢাকা ডিএমপি দক্ষিণ থানা মধ্য আজমপুর মুক্তিযোদ্ধা মোড় মুসলিম পাড়া থেকে অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়। অভিযুক্ত পলাতক প্রধান আসামীকে গ্রেতারের চেষ্টা অব্যাহত রয়েছে।