অনেক ভোট পার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সব ভোটেই তাকে দিনের বড় সময়টা গৃহবন্দি থাকতে দেখা গেছে। নন্দীগ্রামের ভোটেও বাসা থেকে বের হননি মমতা।
বৃহস্পতিবার সকালে ভোট শুরুর পর থেকে একবারের জন্যও বাসা থেকে বের হতে দেখা যায়নি মমতাকে। অন্য দিকে, সকালেই নন্দীগ্রামে নিজের ভোট দেন মমতার মূল প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারী। গণমাধ্যমের সঙ্গে কথাও বলেছেন। কেন্দ্রে কেন্দ্রে ঘুরতেও দেখা যায় শুভেন্দুকে।
ভোটে লড়ার কথা ঘোষণার সঙ্গে সঙ্গেই মমতা জানিয়েছিলেন বাড়ি ভাড়া নিয়ে নন্দীগ্রামে থাকবেন। ঘোষণা অনুযায়ী নন্দীগ্রামের রেয়াপাড়া এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়েই অস্থায়ী ঠিকানা বানিয়েছেন।
বৃহস্পতিবার ১৪৪ ধারার মধ্যেই সোনাচূড়া ও কালীচরণপুর গ্রামে বোমাবাজির অভিযোগ ওঠে। ভেকুটিয়ায় এক বিজেপি কর্মীর আত্মহত্যা নিয়েও উত্তাপ ছড়িয়েছে। তৃণমূলের দিক থেকে আসা চাপেই তিনি আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। এত কিছুর পরেও মমতা চুপ।
তবে এই ‘চুপ’ থাকাটা নতুন কিছু নয়। কলকাতা পৌরসভা হোক বা লোকসভা নির্বাচন সব ক্ষেত্রেই বরাবর ঘরে বসে ভোটদানে নজর রাখতে দেখা গেছে তৃণমূল নেত্রীকে।
পশ্চিমবঙ্গের রাজ্য বিধানসভার নির্বাচনের দ্বিতীয় ধাপে সকাল থেকে ভোটগ্রহণ চলছে। রাজ্যের চার জেলার ৩০টি আসনে স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোট শেষ হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়।
পশ্চিমবঙ্গের বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা এই চার জেলায় আজ ভোট হচ্ছে। আজকের নির্বাচনের আকর্ষণের মূল কেন্দ্রে রয়েছে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম আসনটি। এই আসনে এবার লড়ছেন তৃণমূল নেত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার প্রতিদ্বন্দ্বী নন্দীগ্রামের সাবেক বিধায়ক শুভেন্দু অধিকারী।