রান্নার জন্য জ্বালানি সংগ্রহ করতে গিয়ে রাজশাহীর বাগমারায় সাপের কামুড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ওই গৃহবধূর নাম নাম হাফিজা বেগম (৩৮)। তিনি উপজেলার হামিরকুৎসা ইউনিয়নের খামারগ্রামের দুবাই প্রবাসী রমজান আলীর স্ত্রী।
স্থানীয় লোকজনেরা বলেন, বুধবার বেলা সাড়ে ১১টায় হাফিজা বেগম বাড়ির অদূরে জঙ্গলে রান্নার জন্য জ্বালানি সংগ্রহ করতে যান। ঝাড়- দিয়ে জ্বালানি সংগ্রহের সময় একটি সাপ তাঁর পায়ে কামড় দেয়। এতে তিনি বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে বাড়িতে ফিরে আসেন। বিষয়টি পরিবারের অন্য সদস্যদের জানালে তাঁকে স্থানীয় কবিরাজের কাছে নিয়ে যাওয়া যায়। কবিরাজের ঝাড়-ফুঁকের পর অবস্থার অবনতি হলে ভবানীগঞ্জের কয়েকটি বেসরকারি হাসপাতাল ও পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে ভ্যাকসিন না থাকায় চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি। কর্তৃপক্ষ গৃহবধূকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। গৃহবধূর প্রতিবেশি ওই গ্রামের বাসিন্দা জহুরুল ইসলাম বলেন, সাপের কামড়ের পর তাঁকে (হাফিজা বেগম) স্থানীয় কবিরাজের কাছে নিয়ে যাওয়ার কারণে সময়ের অপচয় হয়েছে। তবে স্থানীয় সরকারি মেডিকেলে ভ্যাকসিন থাকলে হয়ত দ্রুত চিকিৎসা দেওয়া সম্ভব হতো। বিকেলে তাঁকে দাফন করা হয়েছে।