বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা মিজানুর রহমান মিনুসহ দলটির চার নেতার নামে দায়েরকৃত রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতারী পরোয়ানা জারি করেছে রাজশাহীর আদালত। বুধবার (৩১ মার্চ) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্টেট আদালতের বিচারক সাইফুল ইসলাম এ গ্রেফতারী পরোয়ানা জারি করেছেন। একই সাথে মামলার পরবর্তি তারিখ ২৬ এপ্রিল ধার্য করা হয়।
গ্রেফতারী পরোয়ানা জারিকৃত আসামিরা হলেন- বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা সাবেক এমপি ও মেয়র মিজানুর রহমান মিনু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন।
এর আগে গত ১৬ মার্চ রাজশাহীর আদালতে এই চার নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. মুসাব্বিরুল ইসলাম।
এ তথ্য নিশ্চিত করে মামলার বাদি রাজশাহী মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও রাজশাহী মেট্রোপলিটন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাডভোকেট মুসাব্বিরুল ইসলাম বুধবার বিকেলে প্রতিদিনের সংবাদকে জানান, গত ২ মার্চ মহানগরীর মাদরাসা ময়দান সংলগ্ন নাইস কনভেনশন সেন্টারে আয়োজিত রাজশাহীর বিভাগীয় সমাবেশে বিএনপির এই চার নেতা পূর্ব পরিকল্পিতভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারকে উৎখাতের অসৎ উদ্দেশ্যে প্রকাশ্যে হুমকি দেওয়া ছাড়াও বঙ্গবন্ধুকে নিয়ে অশোভন বক্তব্য প্রদান করেন। যার প্রেক্ষিতে গত ৯ মার্চ রাজশাহী জেলা ম্যাজিস্ট্রেটের কাছে মামলার করার অনুমতি চেয়ে আবেদন করি। পরে অনুমতি মেলায় গত ১৬ মার্চ মামলা রেকর্ড করেন আদালত।
এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবজ্ঞা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার’ ইঙ্গিতপূর্ণ বক্তব্য দেওয়ার ঘটনায় গত ৭ মার্চ এক ই-মেল বার্তায় দুঃখ প্রকাশ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। তার আগে ওই বক্তব্য দেওয়ার ঘটনায় মিনুকে ক্ষমা চাওয়ার আহবান জানিয়ে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিল রাজশাহী মহানগর আওয়ামী লীগ। কিন্তু ই-মেল বার্তায় দুঃখ প্রকাশের বিষয়টি গ্রহনযোগ্যহীন হওয়ায় মামলার সিদ্ধান্ত নেওয়া হয় বলেও জানিয়েছেন বাদি এ্যাডভোকেট মুসাব্বিরুল ইসলাম।