করোনাভাইরাসের উৎপত্তি নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্ত দলকে সব তথ্য ও নমুনা দেয়নি চীন। মঙ্গলবার একথা জানিয়েছেন সংস্থাটির প্রধান তেদরস আধানম গেব্রেয়েসাস। গেল জানুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি প্রতিনিধি দল চীনে যায়। প্রায় চার সপ্তাহ তদন্তের পর মঙ্গলবার চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়। চীনা কর্মকর্তারা গুরুত্বপূর্ণ তথ্য না দেয়ার প্রতিবাদ জানিয়ে যুক্তরাষ্ট্রসহ ১৪টি দেশ বিবৃতি দিয়েছে। করোনায় বিশ্বে একদিনে প্রায় ১১ হাজার মানুষের প্রাণ গেছে। এনিয়ে মোট মৃত্যু ২৮ লাখ ১৫ হাজারের বেশি। নতুন শনাক্ত প্রায় সাড়ে ৫ লাখ। মোট শনাক্ত ছাড়িয়েছে ১২ কোটি ৮৭ লাখ। ব্রাজিলে একদিনে সর্বোচ্চ ৩ হাজার ৬শ ৬৮ জনের মৃত্যু হয়েছে, শনাক্ত ৮৬ হাজারের বেশি। যুক্তরাষ্ট্রে একদিনে শনাক্ত হয়েছে ৬২ হাজারের বেশি, মারা গেছে ৮শ ৭৩ জন। ভারতে একদিনে ৩শ ৫৫ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত ৫৩ হাজারের বেশি।