জার্মানিতে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের প্রথম ডোজ নেয়া ৩১ জনের মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার পর ৬০ বছরের কম বয়সীদের অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন দেয়া স্থগিত করা হয়েছে। জার্মানিতে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের প্রথম ডোজ নেয়া ৩১ জনের মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার ঘটনা ঘটেছে। এর মধ্যে ৯ জন মারা গেছেন। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ৬০ বছরের কমবয়সীদের অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন দেয়া স্থগিত করা হয়েছে। আর ৬০ বছরের বেশি বয়সিদের ভ্যাকসিন দেয়া সীমিত করারও ঘোষণা দিয়েছে দেশটি। এদিকে, ফ্রান্সে করোনা পরিস্থিতি ক্রমেই খারাপ হওয়ায় চাপ পড়ছে হাসপাতালগুলোতে। দেশটিতে এমুহূর্তে ২৮ হাজারের বেশি করোনা রোগী হাসপাতালে চিকিৎসাধীন। আইসিইউগুলোতে রয়েছেন ৫ হাজারের বেশি মানুষ যা এক বছরের মধ্যে সর্বোচ্চ। ভারতে গত কয়েক সপ্তাহে করোনা পরিস্থিতি আরও খারাপ হয়েছে বলে স্বীকার করেছে সরকার। সংক্রমণের হার সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। রাজ্যের নাগপুরের একটি হাসপাতালে একই বেডে দুইজন করে করোনা রোগী রাখার অভিযোগ উঠেছে। পাঞ্জাব, গুজরাট, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু ও দিল্লিতেও করোনা পরিস্থিতি আশঙ্কাজনক। ব্রাজিলে একদিনে সর্বোচ্চ ৩ হাজার ৬শ ৬৮ জনের মৃত্যু হয়েছে, শনাক্ত ৮৬ হাজারের বেশি। যুক্তরাষ্ট্রে একদিনে শনাক্ত হয়েছে ৬২ হাজারের বেশি, মারা গেছে ৮শ ৭৩ জন। ভারতে একদিনে ৩শ ৫৫ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত ৫৩ হাজারের বেশি। করোনায় বিশ্বে একদিনে প্রায় ১১ হাজার মানুষের প্রাণ গেছে। এনিয়ে মোট মৃত্যু ২৮ লাখ ১৫ হাজারের বেশি। নতুন শনাক্ত প্রায় সাড়ে ৫ লাখ। মোট শনাক্ত ছাড়িয়েছে ১২ কোটি ৮৭ লাখ।