এক সপ্তাহ না পেরুতেই রাজশাহী মহানগরীতে ফের আরেকটি তুলার গুদামে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। ভয়াবহ এ আগুনে ওই গুদামের প্রায় সব তুলা পুড়ে গেছে। মঙ্গলবার (৩০ মার্চ) দুপুরে রাজশাহী মহানগরীর গণকপাড়া এলাকায় এই অগ্নিকা-ের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে প্রায় আধাঘণ্টা চেষ্টার পর আগুন নিভিয়েছেন। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন গুদামের মালিক আজিম উদ্দিন মনু।
এর আগে গত ২৪ মার্চ একই এলাকায় আরেকটি তুলার গুদামে অগ্নিকা-ের ঘটনা ঘটেছিল। ওই ঘটনার ঠিক ছয়দিন পর ‘মনু এন্টার প্রাইজ’ নামের এই দোকানের গুদামে অগ্নিকা-ের ঘটনা ঘটলো।
আগুন লাগার বিষয়ে গুদাম মালিক আজিম উদ্দিন মনু বলেন, মঙ্গলবার দুপুর ১২টার পর বন্ধ গুদামে ধোঁয়া দেখতে পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। আর এ খবর আমিও পেয়ে দ্রুত ঘটনাস্থালে আসি। এসে দেখি ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করে যাচ্ছেন।
মনু বলেন, আমার এ গুদামে কোনো বিদ্যুৎ সংযোগ নেই। তাই বিদ্যুৎ শর্টসার্কিটে আগুন লাগারও বিষয় নেই। আর গুদামটিও তালাবদ্ধ ছিল। ফলে কীভাবে আগুন লাগলো বুঝতে পারছিন না। গুদামে প্রায় আড়াই লাখ টাকার তুলা, নারিকেলের ছোবড়া ও তোষক ছিল। এছাড়াও গুদামের স্থাপনায় থাকা অন্যান্য সরঞ্জামাদিসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারনা করছি। তবে প্রকৃতপক্ষে ক্ষতির পরিমান এ মুহূর্তে নিরুপণ করা সম্ভব হচ্ছে না বলেও জানান তিনি।
এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দফতরের সহকারী পরিচালক জাকির হোসেন জানান, দুপুর ১২টা ২৩ মিনিটে তুলার গোডাউনে আগুন লাগার খবর পাওয়া মাত্রই আমাদের দমকলের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আধাঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরণের কোন ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। আর আগুন লাগা ও ক্ষতির পরিমানের বিষয়টি তদন্তের পর বলা যাবে বলেও জানান তিনি।