সরাইলে ৬ষ্ট শ্রেণির এক ছাত্রীর বিয়ের দিনক্ষণ ঠিক হয়ে গেছে। উত্তর কালীকচ্ছ রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের ওই ছাত্রীর আজ মঙ্গলবার গায়ে হলুদ। আগামীকাল বুধবার বিয়ে। পিতা মাতার মতামতেই সামাজিক ভাবে এ বিয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ছাত্রীর বিদ্যালয় ও স্থানীয় একাধিক সূত্র জানায়, বিয়ে বা সংসার কি? সেটি বুঝে না ওই ছাত্রী। তারপরও মা বাবার ইচ্ছায় তাকে বিয়ের পিঁড়িতে বসতে হচ্ছে। কালীকচ্ছ ইউনিয়নের চানপুর গ্রামের মো. আক্তার হোসেনের মেয়ে ওই ছাত্রী। ২০২০ খ্রিষ্টাব্দে চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পিএসপি পরীক্ষায় উত্তীর্ণ (অটোপাস) হয়েছে। পরে সদ্য প্রতিষ্ঠিত উত্তর কালীকচ্ছ রেসিডেন্সিয়াল স্কুলে ৬ষ্ট শ্রেণিতে ভর্তি অধ্যায়নরত আছে। বিদ্যালয়ের নথিপত্রে ওই ছাত্রীর জন্ম তারিখ ২০০৮ খ্রিষ্টাব্দের ২ এপ্রিল। সেই অনুযায়ী ছাত্রীর বর্তমান বয়স ১৩ বছর। অর্থাৎ সরকারি হিসেবে ওই ছাত্রী এখনো শিশু। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলাত খাঁ বলেন, হ্যাঁ ওই ছাত্রীটি আমার বিদ্যালয়ে ৬ষ্ট শ্রেণিতে অধ্যয়ন করছে। এটি বাল্য বিয়ে। আমরা বাল্য বিয়েকে সমর্থন করতে পারি না। সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আরিফুল হক মৃদুল বলেন, দেশের প্রচলিত আইনে ওই ছাত্রী শিশু। শিশুকে বিয়ে দেওয়ার কোন সুযোগ নেই। আমি খুঁজ খবর নিয়ে ব্যবস্থা নিচ্ছি।