দিনাজপুরের কাহারোল উপজেলার বিভিন্ন এলাকায় তিন ফসলি জমিতে পুকুর খনন বন্ধ হচ্ছে না। প্রশাসনকে বৃদ্ধাঙ্গুন দেখিয়ে পরিকল্পনাহীন ভাবে দিনাজপুরের কাহারোল উপজেলার ২-৩ ফসলি জমিতে অবাধে চলচ্ছে পুকুর খনন। এতে শুধু কৃষি জমিই নষ্ট হচ্ছে না, বিরূপ প্রভাব পড়ছে পরিবেশের উপর। অপরদিকে মাটি বহনের জন্য ব্যবহৃত ট্রাক্টরের মোটা ও ভারী চাকায় নষ্ট হচ্ছে গ্রামীণ সড়ক। মাঝে মধ্যে ঘটছে দুর্ঘটনা। এই অবাধ ও পরিকল্পনাহীন বেপোরোয়া পুকুর খনন বন্ধ না হলে স্থানীয় জলাবদ্ধতা সহ কৃষি জমির ব্যাপক ক্ষতি হবে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট সচেতন মহল। স্থানীয়রা বলছেন মাঝে মধ্যে উপজেলা প্রশাসন পুকুর খনন বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে দুই-একজনকে অর্থদন্ড করলেও কোন কাজে আসছে না। ভ্রাম্যনমাণ আদালতে পর পরই আবার শুরু হয় পুকুর খনন। প্রতিনিয়তই ইটভাটায় মাটি দেওয়ার কথা বলে ইট ভাটার পাশাপাশি এসব ফসলি জমির মাটি উপজেলার বিভিন্ন ব্যক্তি পর্যায়েও বিক্রি করা হচ্ছে। পুকুর খননকারীরা বলছেন, লিখিত অনুমতি না থাকলেও স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে তাদের মৌখিক অনুমতিতে পুকুর খনন করছেন তারা। তবে মৌখিক অনুমতির কথা অস্বীকার করে উপজেলা প্রশাসন দাবি করেছেন, পুকুর খনন বন্ধে তারা জোর প্রচেষ্টা চালাচ্ছেন। তবে পুকুর খননকারীদের কাছে যেন অসহায় হয়ে পড়ছেন স্থানীয় প্রশাসন। সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, উপজেলার প্রতিটি এলাকায় ফসলি জমিতে চলছে পুকুর খনন এর মধ্যে রসূলপুর ইউনিয়নে ১৫টি পুকুর খননের কাজ চলছে।