রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসকসহ দুই করোনা রোগীর মৃত্যু হয়েছে। মারা যাওয়া চিকিৎসকের নাম আবদুল হান্নান (৪৬)। তিনি রামেকের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন। ডা. হান্নান রামেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। আর হাসপাতালের ২৯ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূ নাহিদা বেগম (৪৫) মারা যান। গত ৪ মার্চ থেকে তিনি রামেক হাসপাতালে ভর্তি ছিলেন। এরপর রোববার (২৮ মার্চ) দিনগত রাত ১টা ৪৫ মিনিটে মৃত্যু হয়। তার বাড়ি নওগাঁ সদরের চক এনায়েতপুর গ্রামে।
রামেক হাসপাতালের আইসিইউ’র ইনচার্জ ডা. আবু হেনা মোস্তফা কামাল চিকিৎসকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, করোনায় আক্রান্ত হয়ে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শনিবার (২৭ মার্চ) রাত ১১টা ২০ মিনিটের দিকে ডা. আবদুল হান্নান মারা গেছেন।
এ বিষয়ে রামেকের অধ্যক্ষ ডা. নওশাদ আলী জানান, গত মঙ্গলবার হঠাৎ ডা. আবদুল হান্নানের শ্বাসকষ্ট দেখা দিলে তিনি অসুস্থ হয়ে পড়েন। ওই দিন রাতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে মঙ্গলবার সারাদিনই তিনি রোগী দেখেছেন। কোন সমস্যাও ছিল না। হঠাৎ অসুস্থ হয়েই অবস্থা খারাপ পর্যায়ে চলে যায়। যে কারণে পরীক্ষা করে দেখা যায়, তার ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়েছে। এর পরদিন নমুনা পরীক্ষা করে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।
ফলে উন্নত চিকিৎসার জন্য এয়ার এম্বুলেন্সে ডা. হান্নানকে ঢাকায় নিয়ে যাবার চেষ্টা করেছি। কিন্তু অবস্থা খুবই জটিল হওয়ায় এয়ারে নেয়া সম্ভব হয়নি। তাকে আমাদের হাসপাতালের আইসিইউতেই চিকিৎসা দেওয়া হচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো যায়নি।