'বাংলাদেশের এক অনন্য অর্জন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ' উপলক্ষে সারাদেশের ন্যায় রাজশাহীর চারঘাটে দুই দিনব্যাপি মেলার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি চারঘাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সামিরার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম।
আরো বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়তি রানী কৈরী, উপজেলা আ'লীগের সভাপতি আনোয়ার হোসেন, পৌর মেয়র একরামুল হক, কৃষি কর্মকর্তা লুৎফুন নাহার, সমাজসেবা কর্মকর্তা মফিজুল ইসলাম, চারঘাট জোনাল অফিসের ডিজিএম মুক্তার হোসেন, ইউপি চেয়ারম্যান বৃন্দসহ সহ উপজেলার প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গ।
এ সময় বক্তারা বলেন, দেশের প্রতিটি উন্নয়ন তৃণমূল পর্যায়ে তুলে ধরতে হবে। তৃণমূলের সাধারণ মানুষ জানলে উন্নয়ন দীর্ঘস্থায়ী হবে। দেশের উন্নয়ন সম্পর্কে জানা প্রতিটি জনগণের অধিকার। বিভিন্ন দপ্তর কিভাবে সরকারের নির্দেশনা বাস্তবায়ন করছেন সেই বার্তা সকলের কাছে পৌঁছাতে হবে। কোন মানুষ যেন সরকারী সেবা থেকে বঞ্চিত না হয় সেটা আগে নিশ্চিত করতে হবে।
তৃণমূলের উন্নয়ন নিশ্চিত হলে দেশ দ্রুত এগিয়ে যাবে। দেশের প্রতিটি মানুষের সাথে সুসম্পর্ক রাখতে হবে। জাতির জনকের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান বক্তারা। মেলা প্রাঙ্গণে বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে ৩৬টি স্টল স্থাপন করা হয়েছে।