বিশ্বের দরিদ্রতর দেশগুলোর জন্য করোনাভাইরাসের এক কোটি ডোজ ভ্যাকসিন চায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ভ্যাকসিন অ্যালায়েন্স গাভি পরিচালিত কোভ্যাক্স কর্মসূচির সঙ্গে অবিলম্বে এ পরিমাণ টিকা ভাগ করে নিতে বিভিন্ন দেশ এবং ওষুধ প্রস্তুতকারী কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি। মূলত কোভ্যাক্স কর্মসূচির আওতায় দরিদ্রতর দেশগুলোকে এ টিকা দিতে আগ্রহী কোভ্যাক্স। শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম ঘেব্রেইয়েসুস বলেছেন, আগেই আমি এ বছরের প্রথম ১০০ দিনের মধ্যে সব দেশের কাছে টিকা পাঠানো নিশ্চিত করতে একযোগে কাজ শুরু করার আহ্বান জানিয়েছিলাম। কিন্তু ডেটলাইনের আর মাত্র ১৫ দিন বাকি থাকলেও ৩৬টি দেশ এখনও তাদের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য টিকা পায়নি। ফলে তাদের জন্য ভ্যাকসিন নিশ্চিত করতে হবে। এখনও পর্যন্ত ভ্যাকসিন না পাওয়া ৩৬ দেশের মধ্যে ১৬টিতে অবশ্য আগামী দুই সপ্তাহের মধ্যে টিকা পৌঁছানোর কথা রয়েছে। কিন্তু বাকি ২০টি দেশ এখনও ভ্যাকসিন সংগ্রহ বা এ-সংক্রান্ত কার্যকর কোনও চুক্তিতে পৌঁছাতে সমর্থ হয়নি। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। একপর্যায়ে উৎপত্তিস্থল চীনে ভাইরাসটির প্রাদুর্ভাব কমলেও বিশ্বের অন্যান্য দেশে এর প্রকোপ বাড়তে শুরু করে। চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তবে আশার কথা হচ্ছে, এরইমধ্যে করোনার একাধিক টিকা আবিষ্কৃত হয়েছে। ওয়ার্ল্ডোমিটারস-এর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা তিন কোটি আট লাখ ৫৩ হাজার ৩২। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৬১ হাজার ১৪২ জনের। ছবি: ০১
মিশরের উত্তরাঞ্চলীয় শহরে দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩২
এফএনএস বিদেশ: মিশরের উত্তরাঞ্চলীয় শহর সোহাগে শুক্রবার দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩২ জন নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে আরও ৬০ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম-গুলো এ খবর নিশ্চিত করেছে। শুক্রবার শেষ খবর পাওয়া পর্যন্ত মন্ত্রণালয় জানায়, ঘটনাস্থলে ৩৬টি অ্যাম্বুলেন্স কাজ করছে। আহতের স্থানীয় হাসপাতালে নেওয়া হচ্ছে। স্থানীয় সংবাদমাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, ট্রেনের বগি উলটে আছে এবং ভেতরে যাত্রীরা আটকা পড়ে আছে। এ ছাড়া চারদিকে ট্রেনের ভাঙা অংশ ছড়িয়ে রয়েছে। ভিডিওতে দেখা যায়, কিছু আহত ব্যক্তি অজ্ঞান অবস্থায় রয়েছে এবং অন্যান্যের রক্তক্ষরণ হচ্ছে। স্থানীয়রা হতাহত যাত্রীদের ঘটনাস্থলের কাছাকাছি শুইয়ে রাখছে। মিশরের রেল কর্তৃপক্ষ জানায়, কোনো ‘অজানা ব্যক্তি’ জরুরি ব্রেক কষলে দুই ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়। ব্রেকের ফলে একটি ট্রেন থেমে যায় এবং আরেকটি ট্রেন পেছন থেকে এসে ধাক্কা দেয়। এ বিষয়ে আরও তদন্ত চলছে বলে জানায় কর্তৃপক্ষ। উত্তর আফ্রিকার অন্যতম পুরনো ও বড় রেল যোগাযোগ রয়েছে মিশরে। তবে দেশটিতে প্রায়ই ট্রেন দুর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষের তথ্যমতে, ২০১৭ সালে মিশরে ১ হাজার ৭৯৩টি ট্রেন দুর্ঘটনা ঘটেছিল।