মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের দিনে রাজশাহীর মাটিতে আরও একটি ইতিহাস রচনা হয়েছে। বিশেষ এই দিনটি পালনে সারা দেশ যখন ব্যস্ত সময় পার করছিলেন তখন রাজশাহী মহানগরীতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার খবরে পুরো দেশ যেন থমকে যায়। যে দুর্ঘটনায় পরিবহনে থাকা গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণের আগুনে পুড়ে মৃত্যুই শুধু নয়, মাইক্রোবাসে থাকা ১৮ জনের মধ্যে শিশুসহ ১৭ ব্যক্তির মৃতদেহ প্রায় কয়লায় পরিণত হয়। যাদের মধ্যে ছিল দম্পতি ও শিশু সন্তানসহ ৪টি পরিবারের ১৫জন সদস্য। এরা রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা সদরের দ্বারিকাপাড়া গ্রাম থেকে রাজশাহী শহরে আনন্দ ভ্রমণের উদ্দেশ্যে মাইক্রোবাসযোগে রওনা দিয়েছিলেন। কিন্তু আনন্দ ভ্রমণের সে নির্দিষ্ট গন্তব্যে পৌছার মাত্র প্রায় ১০ মিনিট আগে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কাটাখালি থানার সামনে শুক্রবার (২৬ মার্চ) দুপুর পৌণে ২টার দিকে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। মাইক্রোবাসে আরোহনকৃতদের মধ্যে বেঁচে আছেন শুধু পাভেল (১৭)। সে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি আছে। দুর্ঘটনায় তার বাবা-মা নিহত হয়েছেন।
নিহতরা হচ্ছে- রামেক হাসপাতালের আইসিউি তে চিকিৎসাধীন পাভেলের পিতা রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা সদরের দ্বারিকাপাড়া গ্রামের আফছার আলীর পুত্র দম্পতি মোখলেছুর রহমান (৪৮), স্ত্রী পারভীন (৪০), দুরামিঠিপুর গ্রামের মজিবর রহমানের পুত্র শহিদুল ইসলাম (১০) চৈত্রকোল ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামের বাসিন্দা বর্তমানে রামনাথপুর ইউনিয়নের রাজারামপুর গ্রামে বসবাসরত দম্পতি সালাহ উদ্দিন (৪২), স্ত্রী সামছুন্নাহার (৩২), সালাহ উদ্দিনের বড় শ্যালিকা কামরুন্নাহার (৩৮), কামরুন্নাহারের ছেলে সাজিদ (১০) ও মেয়ে আফিয়া খাতুন সাফা (২), একই ইউনিয়নের বড় মজিদপুর গ্রামের জনাব আলীর পুত্র দম্পতি ফুল মিয়া (৩৫), স্ত্রী নাজমা খাতুন (৩০) ও তাদের তিন সন্তান ফয়সাল (১৩), সুমাইয়া (৬) এবং সাদিয়া (৩), প্রজাপাড়া গ্রামের সামছুল ইসলামের পুত্র দম্পতি তাজুল করিম ভুট্টু (৫০), স্ত্রী মুক্তা বেগম (৪২) ও তাদের ছেলে ইয়ামিন (১৩) এবং মাইক্রোবাসের চালক পীরগঞ্জ উপজেলার পঁচাকান্দ গ্রামের মো. হানিফ (৩০)।
এ তথ্য নিশ্চিত করে রংপুরের পীরগঞ্জ থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) সরেস চন্দ্র শুক্রবার সন্ধ্যায় (২৬ মার্চ) জানান, রাজশাহীতে পিকনিক করার উদ্যেশ্যে এরা সকলেই পীরগঞ্জ উপজেলা সদরের দ্বারিকাপাড়া থেকে মাইক্রোবাস যোগে শুক্রবার সকালে রওনা হয়েছিলেন। এখন এ এলাকায় চলছে শোকের মাতম। আর নিহতের এসব পরিবারে বর্তমানে কান্না করার লোকজনও আর নেই বলেও জানান ওসি।
দুর্ঘটনার বিষয়ে সর্বশেষ শনিবার (২৭ মার্চ) বিকাল সোয়া ৫টার দিকে আরএমপির মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস জানান, শুক্রবার (২৬ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে কাটাখালি থানার সামনের মহাসড়কে রাজশাহী থেকে ঢাকাগামী যাত্রীবাহী হানিফ এন্টার প্রাইজের একটি বাসের সাথে রংপুরের পীরগঞ্জ উপজেলা ছেড়ে আসা রাজশাহীগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। আর বাসের ধাক্কায় মাইক্রোবাসটি ছিটকে গিয়ে একটি লেগুনার সাথে ধাক্কা লাগে। এ সময় মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ড ও হতাহতের ঘটনা ঘটে। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে মাইক্রোবাসে থাকা ৭ জনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে প্রেরণের ব্যবস্থা করলেও বাকি ১১ জন অগ্নিদগ্ধ হয়ে মাইক্রোবাসের ভেতরেই মারা যান। তবে শেষ পর্যন্ত উদ্ধার হওয়া সেই ৭ জনের মধ্যে ৬ জনই শুক্রবারই মারা যান। আর অগ্নিকাণ্ডে নিহতদের শরীর পুরোপুরি পুড়ে ঝলসে যাওয়ায় এখন পর্যন্ত নিশ্চিতভাবে কাউকে শনাক্ত করা যায়নি। তবে নিহতদের এলাকার সংশ্লিষ্ট থানার মাধ্যমে তাদের পরিচয় নিশ্চিতের কাজ চলছে। আর পরিচয় নিশ্চিত করতে মরদেহগুলো থেকে ডিএনএ নমুনা সংগ্রহ শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনায় দায়েরকৃত মামলার একমাত্র আসামি হানিফ পরিবহনের বাস চালক রাজশাহীর পুঠিয়া উপজেলার বাড়ইপাড়া এলাকার ফজলুল হকের ছেলে আবদুর রহিমকে (৩৫) শনিবার (২৭ মার্চ) দুপুর ২টার দিকে আটক করেছে কাটাখালি থানা পুলিশ। এর আগে ঘাতক বাসটিকে জব্দ করা হয়।
নিহতদের ডিএনএ’র সঙ্গে স্বজনদের ডিএনএ মিলিয়ে পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলছে উল্লেখ করে রাজশাহীর জেলা প্রশাসক আবদুল জলিল বলেন, আজ (শনিবার) সন্ধ্যার মধ্যেই সরকারি খরচে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। আর দুর্ঘটনার বিষয়টি তদন্ত করতে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম) আবু আসলামকে আহ্বায়ক করে একটি তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলেই দুর্ঘটনার প্রকৃত কারণ বলা যাবে।
আরএমপির মুখপাত্র আরো বলেন, দুর্ঘটনার পরপরই আমাদের থানা পুলিশ সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন। এর কিছুক্ষণের মধ্যে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মী বাহিনী ঘটনাস্থলে পৌছে আগুন নেভানোসহ উদ্ধার কাজে যুক্ত হন। তার কিছুক্ষণের মধ্যে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মো. আবু কালাম সিদ্দিক সহ স্থানীয় প্রশাসনের ঊর্দ্ধতণ কর্মকতাগণ।
দুর্ঘটনার বিষয়ে রাজশাহীর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আবদুর রশিদ বলেন, সংঘর্ষের ফলে মাইক্রোবাসের দুইটি সিলিন্ডারের মধ্যে একটি বিস্ফোরিত হলে তাৎক্ষণিকভাবে আগুন ধরে যায়। পরে কিছুক্ষণের মধ্যে অপর সিলিন্ডারও বিস্ফোরিত হওয়ায় আগুনের ভয়াবহতা বিকট রুপ ধারণ করে বলে ধারণা করা হচ্ছে। আর দুর্ঘটনার পর ঘটনাস্থলে থাকা শত শত জনতাদের রক্ষাপূর্বক আগুন নেভানোসহ উদ্ধার কার্যক্রম খুবই সতর্কতার সাথে দ্রুত পরিচালনা করা হয়।
অপরদিকে, মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় শুক্রবার বিকালে প্রেরিত এক শোক বার্তার মাধ্যমে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। নিহতদের রূহের মাগফিরাত কামনা করেন ও তাঁদের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনাও জানিয়েছেন তিনি।